অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের বিভিন্ন পদক্ষেপে হতাশ বিএনপি: সালাহউদ্দিন
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের বিভিন্ন পদক্ষেপে বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৭ তারিখ যে দলিল স্বাক্ষর হয়েছে সেই বিষয়গুলো জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে পুরোপুরি নাই। বলা হলো ৪৮টা দফার ওপর গণভোট করা হবে। সেই আলাপ তো হয়নি আমাদের সাথে।
এতদিন তাহলে কেন এত আলোচনা, এত কসরত করা হলো? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, যেগুলো ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন হবে এমন প্রস্তাব ছিল। জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে সেটা নাই, আছে কমিশন ও দুই-একটি দল যে প্রস্তাব দিয়েছে সেগুলো।
আরও পড়ুন: ‘প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচন, ব্যত্যয় হলে দায় ড. ইউনূস সরকারের’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে এতে জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে, কোনো ঐকমত্য হবে না। তাদের উদ্দেশ্য কী আমরা জানি না। এর মাধ্যমে তারা কী অর্জন করতে চায় আমরা জানি না।
আরপিও এবং জোটের প্রতীক নিয়েও যা হচ্ছে তা পক্ষপাতমূলক আচরণ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, জোটবদ্ধ যেকোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা ছিল নিজস্ব প্রতীকে বা জোটের যেকোনো প্রতীকে নির্বাচন করতে পারবে। হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিলো জোটবদ্ধ হলেও তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল সেটাকে সমর্থন করে যাচ্ছে। এটা আমরা আশা করি না।
তিনি বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে, তারা নিরপেক্ষ ভূমিকা রেখে কাজ করবে বলে আমরা আশা করি। আমরা ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করছি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি