
নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে সৃষ্ট মানবিক সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে অবশেষে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছে বাংলাদেশ। এর আগে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দায় জাতিসংঘের সাধারণ পরিষদে একটি ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। সেখানে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। বৃহস্পতিবার (মার্চ ২৪) নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পরিষদের জরুরি অধিবেশনে এ ভোটাভুটি হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪০ সদস্য দেশ। ভোটদানে বিরত ছিল ৩৮ দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ- রাশিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া এবং বেলারুশ। গত ২রা মার্চ ইউক্রেনে হামলা বন্ধে প্রস্তাব পাস হয় সাধারণ পরিষদে। তখন বাংলাদেশ ভোটদানে বিরত ছিল।
বুধবার জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ইউক্রেনের প্রস্তাবে সহিংসতা বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আহ্বান জানানো হয়েছে। এদিনই ইউক্রেনের ‘মানবিক পরিস্থিতি’ নিয়ে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়াও। তবে সেটি গৃহীত হয়নি।
এর আগে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দায় জাতিসংঘের সাধারণ পরিষদে একটি ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। সেখানে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]