অবৈধ অভিবাসীকে ফাঁসাতে ট্রাম্পকে হত্যার হুমকিদাতার ১৬ বছরের কারাদণ্ড
ডেমেট্রিক স্কটকে ১৬ বছর সাজা দেওয়া হয়
আবু সাবেত: যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকির এক ব্যক্তি অবৈধ অভিবাসীকে ফাঁসিয়ে তাকে দেশছাড়া করানোর উদ্দেশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর দায়ে ১৬ বছর ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তার পরিকল্পনায় প্রথমদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমও বিভ্রান্ত হয়েছিলেন।
ডেমেট্রিক স্কটকে শুক্রবার সাজা দেওয়া হয়। প্রসিকিউটরদের মতে, তিনি রামোন মোরালেস রেয়েসকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করাতে প্রেসিডেন্ট ও আইসিই-কে হুমকিমূলক চিঠি পাঠান। ২০২৩ সালে রেয়েসকে ছুরিকাঘাত ও তার সাইকেল ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত হওয়ার প্রতিশোধ নিতেই তিনি এ কাজ করেন।
৫২ বছর বয়সী স্কট রেয়েসের নামে চিঠি লিখে 'নিউ ইয়র্কের ৯/১১-এর মতো হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার' হুমকি দেন। এক চিঠিতে তিনি লেখেন, 'আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না।' আরেক চিঠিতে তিনি লেখেন, এই প্রেসিডেন্ট আমাদের মেক্সিকানদের সঙ্গে যা করছে আমরা তাতে ক্লান্ত। আমরা এই দেশের জন্য তোমাদের শ্বেতাঙ্গদের চেয়ে বেশি করেছি, আমার পরিবারকে বহিষ্কার করা হয়েছে, এখন ডোনাল্ড জে. ট্রাম্পকে তার প্রাপ্য দেওয়া উচিত। আমি মেক্সিকোতে নিজে থেকে ফিরে যাব, কিন্তু তার আগে তোমাদের প্রিয় প্রেসিডেন্টকে গুলি করব।'
প্রসিকিউটররা জানান, স্কট বিশ্বাস করেছিলেন এসব ভুয়া চিঠি তাকে রেয়েস-সংক্রান্ত মামলায় সাজা এড়াতে সাহায্য করবে। তিনি ভেবেছিলেন, রেয়েসকে বহিষ্কার করা হলে তিনি তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবেন না। ২০২৫ সালে কারাগারে থাকাকালীন তিনি চিঠিগুলো লিখে পরিবারের সদস্যদের দিয়ে পাঠান। পরে আইসিই এজেন্টরা রেয়েসকে গ্রেপ্তার করে।
কিন্তু মিলওয়াকি পুলিশ দ্রুত বুঝতে পারে, চিঠিগুলো রেয়েস লেখেননি। প্রতিবেদনে বলা হয়, রেয়েস ইংরেজি পড়তে বা লিখতে পারেন না এবং তার হাতের লেখা সম্পূর্ণ ভিন্ন।
তবুও ২০২৫ সালের মে মাসে নোয়েম ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ রেয়েসকে গ্রেপ্তারের সাফল্য ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, রেয়েস ট্রাম্পকে 'হত্যার হুমকি' দিয়েছেন। যদিও তদন্তকারীরা তখনই সন্দেহ করছিলেন যে রেয়েসকে ফাঁসানো হয়েছে।
মিলওয়াকি কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্রিস্টি ইয়াং শুক্রবার রায়ে বলেন, স্কটের পরিকল্পনা প্রমাণ করে তিনি 'শুধু নিজের কথাই ভাবেন।'
তিনি বলেন, 'আপনি নিজের স্বার্থ রক্ষায় অনেক দূর গিয়েছেন। আদালতেও বলেছেন, ভুক্তভোগীর প্রতি আপনার ঘৃণা আছে এবং এখনও চান তাকে বহিষ্কার করা হোক। এত ঘৃণা পোষণ করা দুঃখজনক।
স্কটকে অন্যের পরিচয় অপব্যবহার করে সুনাম নষ্ট করা, সাক্ষীকে ভয়ভীতি প্রদর্শন, ২০২৩ সালের ডাকাতি মামলায় বেপরোয়া আচরণে নিরাপত্তা বিপন্ন করা এবং জামিন ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি