
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার চরইশ্বর ইউনিয়নের মো. মিরাজ উদ্দিনের ছেলে মিলন মিয়া (৩৮) ও চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে আজমির হোসেন (৩২)।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন দুপুরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মিলন বিকেলে হাতিয়ার আমলি আদালতের বিচারক নিজাম উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য, গত ৯ জুন দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা রবীন্দ্র চন্দ্র দাসকে (৪২) গুলি করে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত রবিন্দ্র চন্দ্র দাস চরঈশ্বর ৩ নম্বর ওয়ার্ডের স্বতিষ চন্দ্র দাসের ছেলে। তিনি ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। দলীয় কোন্দল ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। পরে এ ঘটনায় নিহতের ছেলে রিকেল চন্দ্র দাস বাদী হয়ে ৬৪ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করেন। এ মামলায় আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ১২ আসামিকে গ্রেফতার দেখিয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]