৪ মে ২০২৬

নিউ ইয়র্ক মেয়রের বাসভবনের সামনে জ্বলন্ত ডিভাইস নিক্ষেপ, গ্রেপ্তার ৬

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম
নিউ ইয়র্ক মেয়রের বাসভবনের সামনে জ্বলন্ত ডিভাইস নিক্ষেপ, গ্রেপ্তার ৬

দুই বিরোধী বিক্ষোভকারী গোষ্ঠীর মধ্যে উত্তেজনা

নোমান সাবিত: নিউ ইয়র্ক সিটির মেয়রের সরকারি বাসভবনের সামনে দুই বিরোধী বিক্ষোভকারী গোষ্ঠীর মধ্যে উত্তেজনার সময় দুটি 'সন্দেহজনক' ডিভাইস নিক্ষেপের ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা এস. টিশ এক সংবাদ সম্মেলনে জানান, প্রত্যক্ষদর্শীরা দেখেছেন ডিভাইসটি বাতাসে ছোড়া হলে আগুন ও ধোঁয়া দেখা যায়। এটি একটি ব্যারিয়ারে আঘাত করে এবং কয়েক ফুট দূরে পুলিশ কর্মকর্তাদের কাছাকাছি গিয়ে নিভে যায়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে ডিভাইস দুটি পরীক্ষা করে দেখেছে যে সেগুলো ফুটবলের চেয়ে সামান্য ছোট ছিল এবং কালো টেপে মোড়ানো একটি কাচের জারের মতো বস্তু ছিল, যার ভেতরে বোল্ট, স্ক্রু ও একটি ছোট ফিউজ ছিল যা জ্বালানো সম্ভব।
ডিভাইস দুটি কার্যকর বিস্ফোরক ছিল কি না, নাকি কেবল ভুয়া ডিভাইস তা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনায় কেউ আহত হয়নি।
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ও তার স্ত্রী রামা দুয়াজির বাসভবন গ্রেসি ম্যানশনের সামনে রমজান মাসে এই ঘটনা ঘটে।
ডানপন্থী প্রভাবক এবং ৬ জানুয়ারির দাঙ্গায় অভিযুক্ত জেক ল্যাংয়ের আয়োজিত একটি ইসলামবিরোধী বিক্ষোভে প্রায় ২০ জন অংশ নেন। এর বিপরীতে “ড্রাইভ দ্য নাজিস আউট অব নিউইয়র্ক” নামে পাল্টা বিক্ষোভে সর্বোচ্চ প্রায় ১২৫ জন উপস্থিত ছিলেন। পুলিশ দুই পক্ষকে আলাদা 'নির্ধারিত বিক্ষোভ এলাকা'-তে অবস্থান করায়।
মামদানির মুখপাত্র জো কালভেলো বলেন, ল্যাংয়ের সংগঠিত বিক্ষোভটি ছিল 'জঘন্য ও ইসলামবিদ্বেষী' এবং এ ঘটনা তাদের প্রতি নিয়মিত হুমকির বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেয়। তিনি জানান, মেয়র ও তার স্ত্রী নিরাপদ আছেন এবং মেয়র পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ রাখছেন।
দুপুরের কিছু আগে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রায় ১২টা ১৫ মিনিটে ল্যাংয়ের দলের একজন সমর্থক পাল্টা বিক্ষোভকারীদের ওপর পেপার স্প্রে ব্যবহার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এর প্রায় ২০ মিনিট পরে এক ১৮ বছর বয়সী পাল্টা বিক্ষোভকারী একটি জ্বলন্ত ডিভাইস জ্বালিয়ে বিক্ষোভস্থলের দিকে নিক্ষেপ করে, যা একটি ক্রসওয়াকে গিয়ে পড়ে।
পরে ওই ব্যক্তি আরেকজন ১৯ বছর বয়সী যুবকের কাছ থেকে দ্বিতীয় ডিভাইস নিয়ে সেটিও জ্বালিয়ে দৌড়াতে শুরু করে। পরে তিনি সেটি রাস্তায় ফেলে দিলে পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলে এবং দুজনকে আটক করে।
গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে দুজন ডিভাইস ব্যবহারের সঙ্গে জড়িত, একজন পেপার স্প্রে ব্যবহার করেছেন এবং অন্য তিনজনকে বিশৃঙ্খলা সৃষ্টি ও ট্রাফিক বাধাগ্রস্ত করার অভিযোগে আটক করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে এবং কুকুর ও হাতে অনুসন্ধানের মাধ্যমে আশপাশে আর কোনো বিপজ্জনক বস্তু আছে কি না তা খুঁজে দেখছে।
কমিশনার টিশ বলেন, ঘটনাটি ইরানকে ঘিরে চলমান সংঘাতের সঙ্গে সম্পর্কিত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, তবে উচ্চ নিরাপত্তা ঝুঁকির কারণে তদন্ত এখনও চলমান।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন এবং কেউ আহত হয়নি জেনে স্বস্তি প্রকাশ করেছেন।
তিনি বলেন, 'নিউ ইয়র্ক শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সম্মান করে, তবে ঘৃণা বা সহিংসতার প্রতি আমাদের কোনো সহনশীলতা নেই।'

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি