৫ মে ২০২৬

নিউ ইয়র্কে অভিষেকের পর এরিক অ্যাডামসের আদেশ বাতিল করলেন মেয়র মামদানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পিএম
নিউ ইয়র্কে অভিষেকের পর এরিক অ্যাডামসের আদেশ বাতিল করলেন মেয়র মামদানি

নোমান সাবিত: নিউ ইয়র্ক সিটির সদ্য শপথ নেওয়া মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আদেশের মাধ্যমে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অভিযুক্ত হওয়ার পর সাবেক মেয়র এরিক অ্যাডামস জারি করা অধিকাংশ নির্বাহী আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিটি হলে এক বক্তব্যে মামদানি বলেন, “আমরা এই দিনটিকে একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছি। আর সেই আশাকে বাস্তবায়ন করতে হলে, গত কয়েক মাস, কয়েক বছর, এমনকি কয়েক দশকে কেন এত নিউইয়র্কবাসী রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন-তার হিসাব আমাদের নিতে হবে।”

মামদানির নির্বাহী আদেশ অনুযায়ী, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরের পর অ্যাডামস যে সব নির্দেশনা জারি করেছিলেন, সেগুলো বাতিল করা হবে। ওই দিনই দুর্নীতির অভিযোগে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি এরিক অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিল।

মামদানি বলেন, ওই দিনটি এমন এক মুহূর্তের প্রতীক, যখন অনেক নিউইয়র্কবাসী মনে করেছিলেন রাজনীতিতে আর তাদের জন্য কিছুই নেই।

এরিক অ্যাডামস নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মেয়র যিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, নিউইয়র্কে একটি তুর্কি কনস্যুলেট স্থাপনে সহায়তার বিনিময়ে তিনি তুরস্কের কাছ থেকে অর্থ গ্রহণ করেছিলেন।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিচার বিভাগ মামলাটি প্রত্যাহার করে নেয়। এই সিদ্ধান্ত ডেমোক্র্যাটদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে এবং মামলাটিতে যুক্ত একাধিক কৌঁসুলির পদত্যাগের ঘটনা ঘটে।

মামলার সঙ্গে যুক্ত এক কৌঁসুলি লিখেছিলেন, অ্যাডামসকে তাঁর মামলা বাতিলের বিনিময়ে 'অভিবাসন আইন প্রয়োগে অনুচিত সহায়তার প্রস্তাব দেওয়ার জন্য পুরস্কৃত করা হয়েছে।'

নিজের ভাষণে মামদানি বলেন, 'আমি যে একমাত্র প্রত্যাশা বদলাতে চাই, তা হলো ছোট প্রত্যাশার সংস্কৃতি। আজ থেকে আমরা বিস্তৃত ও সাহসীভাবে শাসন করব। আমরা সব সময় সফল নাও হতে পারি, কিন্তু চেষ্টা করার সাহসের অভাবে আমাদের কখনো অভিযুক্ত করা যাবে না।'

নতুন মেয়র নিউইয়র্ক সিটির আবাসন সংকট মোকাবিলায় আরও তিনটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে দুটি আদেশের মাধ্যমে দুটি টাস্কফোর্স ‘ল্যান্ড ইনভেন্টরি ফাস্ট ট্র্যাক’ এবং ‘স্ট্রিমলাইনিং প্রোসিডিউরস টু এক্সপেডাইট ইকুইটেবল ডেভেলপমেন্ট’—গঠন করা হবে, যার লক্ষ্য হবে আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা।

এছাড়া মামদানি সিয়া উইভারকে মেয়রের ‘অফিস টু প্রটেক্ট টেন্যান্টস’-এর পরিচালক হিসেবে নিয়োগ দেন। এই দপ্তর ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষায় কাজ করবে।

তিনি আরও একটি নির্বাহী আদেশে পাঁচজন ডেপুটি মেয়র নিয়োগের ঘোষণা দেন, যা তাঁর পূর্বসূরির তুলনায় কম।

মামদানি বলেন, 'আমরা লজ্জা বা নিরাপত্তাহীনতা ছাড়াই শাসন করব এবং আমাদের বিশ্বাসের জন্য কোনো ক্ষমা চাইব না। আমি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি, এবং একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবেই শাসন করব। আমাকে ‘চরমপন্থী’ বলা হবে—এই ভয়ে আমি আমার নীতির সঙ্গে আপস করব না।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি