২২ জুন ২০২৬

নিউ ইয়র্কে মামদানির অভিষেকে 'দুয়োধ্বনি' পেলেন এরিক অ্যাডামস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পিএম
নিউ ইয়র্কে মামদানির অভিষেকে 'দুয়োধ্বনি' পেলেন এরিক অ্যাডামস

আবু সাবেত: নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামস নববর্ষের দিনে তাঁর উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে খুব একটা উষ্ণ অভ্যর্থনা পাননি। জোহরান মামদানির মেয়র হিসেবে অভিষেক উদ্‌যাপন করতে সিটি হলের সিঁড়ির সামনে চার হাজারের বেশি মানুষ জড়ো হন। শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে লাইভস্ট্রিমের ব্যবস্থাও ছিল।

অনুষ্ঠানের দৃশ্য দেখানো একটি বড় পর্দায় অ্যাডামস অল্প সময়ের জন্য ভেসে উঠতেই জনতার মধ্যে থেকে স্পষ্ট দুয়োধ্বনি শোনা যায়। অভিষেকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আরেক সাবেক মেয়র বিল ডি ব্লাসিও।

নিজের একমাত্র মেয়াদি শাসনামলের সমাপ্তিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন অ্যাডামস। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অফিসে কাটানো সময়টা ছিল 'দারুণ উপভোগ্য। তবে তিনি যোগ করে বলেন, 'এখন আমি এক গ্লাস সিঙ্গল মল্ট স্কচ আর একটি সিগারের অপেক্ষায় আছি।'

নববর্ষের আগের রাতে অ্যাডামস নীরবে সিটি হল ছেড়ে যান। এর আগে সপ্তাহের শুরুতে মামদানির সঙ্গে তাঁর বার্তা বিনিময় হয়, যেখানে মামদানি তাঁকে অভিষেকে আমন্ত্রণ জানান। অ্যাডামস জানান, তিনি উপস্থিত থাকবেন, তবে উদ্‌যাপনে কোনো বিভ্রান্তি তৈরি করতে চান না।

সিটি হল ছাড়ার পর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে অ্যাডামস বলেন, তিনি একটি বই লিখতে চান, আবার পড়াশোনায় ফিরতে চান এবং 'ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে সহিংসতার বিরুদ্ধে লড়াই, শিশুদের শিক্ষা এবং বিশ্বজুড়ে বাড়তে থাকা ইহুদিবিদ্বেষ মোকাবিলা' করতে চান।

অফিসে তাঁর শেষ ঘণ্টাগুলোতে অ্যাডামস আরেকটি চার্টার রিভিশন কমিশন গঠনের ঘোষণা দেন-এটি তাঁর মেয়াদে তৃতীয় কমিশন। এই কমিশন নিউ ইয়র্ক সিটিতে উন্মুক্ত প্রাইমারি নির্বাচন ব্যবস্থা চালু করা উচিত কি না, তা পর্যালোচনা করবে। অ্যাডামস এক বিবৃতিতে বলেন, কমিশনের লক্ষ্য হবে 'আরও অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নগর সরকার গঠনের পথ খোঁজা।'

সমালোচকেরা এই পদক্ষেপকে 'ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা' বলে আখ্যা দেন। নজরদারি সংগঠন সিটিজেনস ইউনিয়নের নির্বাহী পরিচালক গ্রেস রাউহ বলেন, অ্যাডামসের সিদ্ধান্ত 'শহরের সংবিধানকে উপহাস করার শামিল।' তিনি কমিশনে নিয়োগপ্রাপ্তদের দায়িত্ব না নেওয়ার আহ্বান জানান।

বুধবার অ্যাডামস সিটি কাউন্সিলের ১৯টি বিল ভেটো করেন। এর মধ্যে ছিল রাস্তার বিক্রেতাদের জন্য আরও লাইসেন্স দেওয়া এবং নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সব বডি ক্যামেরার ফুটেজে সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ডের প্রবেশাধিকার দেওয়ার মতো প্রস্তাব।

ক্ষমতা হস্তান্তরের আগে এক ধরনের ‘বিদায়ী সাফল্য’ হিসেবে অ্যাডামস ঘোষণা দেন, ২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে শহরের রাস্তাঘাট থেকে ২৫ হাজার অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। সোমবার তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বিষয়টা আমি যেমন বুঝেছি, আর কোনো মেয়র তেমন বোঝেননি—শুধু আমিই।'

তিনি আরও বলেন, 'প্রথম দিন থেকেই আমাদের লক্ষ্য ছিল স্পষ্ট-রাস্তায় থাকা অবৈধ অস্ত্র সরানো এবং নিউইয়র্কবাসীকে নিরাপদ রাখা। এনওয়াইপিডির সাহসী নারী-পুরুষ সদস্যদের, কমিউনিটি ভায়োলেন্স ইন্টারাপ্টারদের নিরলস কাজ এবং আমাদের প্রশাসনের জননিরাপত্তা-সমর্থক নীতির কারণে চার বছরে আমরা ২৫ হাজারের বেশি আগ্নেয়াস্ত্র জব্দ করেছি।'

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হলেও, অ্যাডামস প্রকাশ্যে মামদানির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করেছিলেন, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি