আইনগত শর্ত পূরণ না হওয়ায়
নিউ ইয়র্কে একাধিক নাগরিকত্ব প্রদান অনুষ্ঠান বাতিল করল ট্রাম্প প্রশাসন
নোমান সাবিত: ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে জেলা আদালত ও স্টেট সুপ্রিম কোর্টের বিচারকদের মাধ্যমে পরিচালিত নাগরিকত্ব প্রদান অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে এবং আপস্টেট নিউ ইয়র্কের বিভিন্ন কাউন্টিতে পূর্বনির্ধারিত বহু শপথ গ্রহণ অনুষ্ঠান হঠাৎই বাতিল করেছে।
সাম্প্রতিক দিনগুলোতে নেক্সস্টার ও ডাব্লিউএসওয়াইআর-এর তদন্তে জানা গেছে, কোনো ব্যাখ্যা ছাড়াই ফেডারেল সরকার নিউ ইয়র্কের বহু কাউন্টিতে ন্যাচারালাইজেশন অনুষ্ঠানের সময়সূচি বাতিল করেছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর মুখপাত্র ম্যাথিউ ট্রাগেসার ডাব্লিউএসওয়াইআর-কে বলেন,ইউএসসিআইএস নিশ্চিত করতে বদ্ধপরিকর যে নাগরিকত্ব প্রদানের প্রতিটি ধাপ ফেডারেল আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অনুযায়ী নিউ ইয়র্কের কিছু কাউন্টি কোর্টের এখতিয়ার পর্যালোচনার পর আমরা দেখেছি, এসব আদালত ন্যাচারালাইজেশন অনুষ্ঠান পরিচালনার আইনগত শর্ত পূরণ করে না। ফলে ইউএসসিআইএস আইন মেনে চলতে বিচারিক অনুষ্ঠানের বদলে প্রশাসনিক অনুষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। এসব আদালতে অনুষ্ঠানের জন্য নির্ধারিত ব্যক্তিদের পুনরায় সময় নির্ধারণ করা হবে এবং তাদের ন্যাচারালাইজেশন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
ওননডাগা কাউন্টির ক্লার্ক এমিলি বারসানি জানান, বুধবারের জন্য নির্ধারিত অনুষ্ঠানটি কোনো নির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই বাতিল করা হয়েছে। তিনি ২০২৬ সালের অনুষ্ঠান যার মধ্যে নিউ ইয়র্ক স্টেট ফেয়ারে অনুষ্ঠিত বার্ষিক ‘নিউ আমেরিকানস ডে’–ও রয়েছে,সেগুলো আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা জানেন না।
সাধারণত নিউ ইয়র্কে কোর্টহাউসে বিচারক নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ইউএসসিআইএস–এর প্রশাসনিক অনুষ্ঠানগুলো হয় আঞ্চলিক কার্যালয়ে। পরিবর্তনের ফলে ফেডারেল আদালতের অনুষ্ঠানগুলো কীভাবে প্রভাবিত হবে তা স্পষ্ট নয়। নর্দার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের আদালত এখনো তাদের ওয়েবসাইটে একাধিক অনুষ্ঠানসূচি তালিকাভুক্ত রেখেছে এবং আদালতের এক মুখপাত্র জানিয়েছেন, অনুষ্ঠানগুলো এখনো পরিকল্পনা অনুযায়ী চলছে।
নিউ ইয়র্ক স্টেট সিনেটর লিয়া ওয়েব (ডেমোক্র্যাট) জানান, এই বাতিল সিদ্ধান্ত তাকে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ করেছে।
তিনি বলেন, এই মাইলফলকগুলো সেই পরিবারগুলোর প্রতিশ্রুতি ও দীর্ঘমেয়াদী আইনগত প্রচেষ্টাকে সম্মান জানায়, যারা যুক্তরাষ্ট্রে নিজের স্থান নিশ্চিত করতে কঠোর পথ পাড়ি দেয়। এই অনুষ্ঠানগুলো বন্ধ বা ব্যাহত করা অগ্রহণযোগ্য এবং নাগরিকত্ব প্রক্রিয়া ও আমাদের সম্প্রদায়ের ন্যায় ও সুযোগের মূল্যবোধকে ক্ষুণ্ন করে।
স্টেট সিনেটর ক্রিস রায়ান (ডেমোক্র্যাট) এই পদক্ষেপকে 'গভীরভাবে উদ্বেগজনক' ও 'অদেশপ্রেমিক অনুভূতির' বলে অভিহিত করেন। তিনি ২০২৫ সালে অংশ নেওয়া বিভিন্ন ন্যাচারালাইজেশন অনুষ্ঠানের কথা উল্লেখ করে বলেন, কঠোর পরিশ্রম ও জটিল আইনি প্রক্রিয়া অতিক্রম করে নাগরিকত্ব পাওয়ার পর বহু মানুষের চোখে তিনি অশ্রু দেখেছেন।
রায়ান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অভিবাসীদের বৈধ মার্কিন নাগরিক হওয়া নিরুৎসাহিত করা আমাদের জাতীয় মূল্যবোধের পরিপন্থী। আমি ইউএসসিআইএস ও ফেডারেল প্রশাসনকে অনুরোধ করছি তারা যেন এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং আপস্টেট নিউ ইয়র্কে ন্যাচারালাইজেশন অনুষ্ঠান পুনরায় শুরু করে।
নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলোর উদ্দেশে পাঠানো এক চিঠিতে বাতিলের কারণ জানতে দাবি জানান। তিনি বলেন, ব্রুম, ওননডাগা, রকল্যান্ড, স্কেনেকটাডি, টম্পকিনস, ওয়াশিংটন এবং ওয়েস্টচেস্টার এসব কাউন্টিতে অনুষ্ঠান বাতিলের খবর পাওয়া গেছে, যা ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিংহ্যামটনের রিপাবলিকান মেয়র জ্যারেড ক্রাহামও ফেসবুকে তার হতাশা জানান। তিনি লেখেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বাড়ছেই। তিনি ইউএসসিআইএস–কে বাতিল অনুষ্ঠানগুলো পুনর্বহাল ও পুনঃনির্ধারণের আহ্বান জানান।
ক্রাহাম লিখেন, যেসব মানুষ নাগরিকত্বের শপথ নেওয়ার কয়েকদিন দূরে ছিলেন, তারা এই যাত্রা সম্পন্ন করার সুযোগ পাওয়ার যোগ্য। আরও দেরি মানে মানুষের জীবনের সঙ্গে রাজনীতি খেলা।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি