নিউ ইয়র্কে বাসা ভাড়া সহায়তার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এলেন মেয়র মামদানি
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি
মিনারা হেলেন: নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নিউইয়র্কবাসীর ভাড়া পরিশোধে সহায়তা করার নির্বাচনী অঙ্গীকার থেকে সরে এসেছেন।
তিনি পূর্বে যে সাশ্রয়ী আবাসন উদ্যোগের সম্প্রসারণে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন যা আবাসন ব্যয়ে হিমশিম খাওয়া পরিবারগুলোর জন্য ভাউচার প্রদান করে সেই অবস্থান থেকে এখন পিছিয়ে গেছেন।
সিটি ফাইটিং হোমলেসনেস অ্যান্ড ইভিকশন প্রিভেনশন সাপ্লিমেন্ট (CityFHEPS) একটি ভাড়া ভর্তুকি কর্মসূচি, যা যোগ্য নিউইয়র্কবাসীদের রাজ্যের যেকোনো স্থানে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মাসিক ভাড়া পরিশোধে সহায়তা করে। বিলিয়ন ডলারের এই কর্মসূচি বর্তমানে ৬০ হাজারেরও বেশি পরিবারকে সেবা দিচ্ছে। ক্রমবর্ধমান গৃহহীনতার হার মোকাবিলায় এর সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছিল।
নিউইয়র্ক সিটি কাউন্সিল সম্প্রসারণ পরিকল্পনা অনুমোদন করলেও, সাবেক মেয়র এরিক অ্যাডামস এর বিরোধিতা করেন এবং তা বাস্তবায়নে অস্বীকৃতি জানান।
লো-ইনকাম নিউ ইয়র্কবাসীদের পক্ষে লিগ্যাল এইড সোসাইটি আদালতে মামলা করে, অভিযোগ করে যে মেয়র কাউন্সিল পাস করা আইন কার্যকর করতে ব্যর্থ হয়েছেন। আদালত রায় দেয় যে কর্মসূচির সম্প্রসারণ এগিয়ে নিতে হবে। তবে অ্যাডামস সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন।
‘খরচ অত্যধিক’ ইঙ্গিত মামদানির
নির্বাচনী প্রচারণায় মামদানি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন এবং বলেছিলেন, নির্বাচিত হলে তিনি আপিল সমর্থন করবেন না এবং কর্মসূচির সম্প্রসারণ নিশ্চিত করবেন।
কিন্তু বৃহস্পতিবার তিনি ইঙ্গিত দেন, কর্মসূচি সম্প্রসারণ অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। বর্তমানে শহরের বাজেট ঘাটতি প্রায় ৭ বিলিয়ন ডলার।
মামদানি বলেন, এই মামলায় আমরা এখন সমঝোতার পথে এগোচ্ছি যা একদিকে শহরে গৃহহীনতা রোধ করবে, অন্যদিকে এমন একটি বাজেট নিশ্চিত করবে যা দায়িত্বশীল ও টেকসই।
যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, ভাউচার সংখ্যা না বাড়ালে কীভাবে গৃহহীনদের রাস্তা থেকে দূরে রাখা হবে, তিনি বলেন, 'আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি', যার মধ্যে রয়েছে ‘রেন্টাল রিপ-অফ’ শুনানি এবং ভাড়াটিয়াদের সহায়তার জন্য মেয়রের দপ্তরে একটি নির্দিষ্ট যোগাযোগ কেন্দ্র স্থাপন।
তিনি আরও বলেন, আমরা সরকারব্যাপী সমন্বিত পদ্ধতি অনুসরণ করছি।'
স্থানীয় নেতাদের ক্ষোভ
নিউ ইয়র্ক সিটিতে গৃহহীনতার সংখ্যা বাড়ছে,যা নাকি সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজারে পৌঁছেছে। ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর মামদানি গৃহহীনদের অস্থায়ী ক্যাম্প উচ্ছেদ কার্যক্রম স্থগিত করেন।
তবে স্থানীয় নেতারা, যারা এই কর্মসূচিকে অত্যাবশ্যক বলে মনে করেন, সম্প্রসারণে বিলম্বে হতাশা প্রকাশ করেছেন।
নিউ ইয়র্ক সিটির বৃহত্তম গৃহহীন পরিবার আশ্রয়দাতা সংস্থা ‘উইন’-এর প্রেসিডেন্ট ক্রিস্টিন কুইন বলেন, 'গৃহহীনতা শেষ করতে হাউজিং ভাউচারই আমাদের সেরা হাতিয়ার। এগুলো সম্প্রসারণ না করার সামর্থ্য আমাদের নেই।'
সিটি কাউন্সিল সদস্য ও জেনারেল ওয়েলফেয়ার কমিটির চেয়ার ক্রিস্টাল হাডসন বলেন, সাশ্রয়ী জীবনযাপন ছিল মেয়রের নির্বাচনী প্রচারণার কেন্দ্রবিন্দু। হাউজিং ভাউচার সম্প্রসারণ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট উপায়।
নিউ ইয়র্ক অ্যাসেম্বলি প্রার্থী ব্রায়ান রোমেরো নিজের গৃহহীনতার অভিজ্ঞতা স্মরণ করে বলেন, 'CityFHEPS যদি তখন থাকত, হয়তো আমার পরিবার গৃহহীন হতো না। ভাড়া সহায়তা জীবন বাঁচায়।'
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি