নির্বাচনের ফল গণনা শুরু, ভারত জুড়ে টানটান উত্তেজনা

বিদেশ ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ক্ষমতাসীন বিজেপি জোটের জয়ের আভাস মিললেও বিরোধী জোট এটা মানছে না। আজ ভোটগণনার পর জানা যাবে কে বসছেন দিল্লির মসনদে। আজ সকালে সারা দেশে একযোগে ভোটগণনা শুরু হচ্ছে। ভোটগণনাকে কেন্দ্র করে ভারতজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যেক প্রার্থীর প্রতিনিধির উপস্থিতিতে সকাল ৮টায় স্ট্রংরুম খোলার পর পুরো প্রক্রিয়াটি ভিডিও ক্যামেরার সামনে করা হবে। নির্বাচন কর্মকর্তারা মনে করছেন, সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হলেও অনেক রাতে হয়তো ফল জানা যাবে। তবে প্রতি রাউন্ডের গণনা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফল জানানো হবে।
ইভিএম নিয়ে সংশয় কাটাতে ভোটগণনার আগে ভিভিপ্যাট মেলানোর দাবি নির্বাচন কমিশন খারিজ করে দেয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে বিরোধী দলগুলো। এমন পরিস্থিতিতে ভোটগণনার শেষ সময় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিকে ১৪টি বুথফেরত জরিপের মধ্যে ১২টিতেই জয়ের আভাসের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ নেতারা। এরই মধ্যে সরকার গঠনের প্রস্তুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি প্রধান অমিত শাহ পরিকল্পনা উন্মোচন করেছেন। ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ ১১ এপ্রিল শুরু হয়ে ১৯ মে শেষ হয়। দেড় মাস ধরে সাত দফায় অনুষ্ঠিত নির্বাচনে নানা হিংসাত্মক ঘটনা ঘটে। অনেক হতাহতের ঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার, বিবিসি, হিন্দুস্থান টাইমস, এনডিটিভি ও রয়টার্সের।
নির্বাচন কর্মকর্তারা মনে করছেন, সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হলেও অনেক রাতে হয়তো জানা যাবে ফলাফল। তবে প্রতি রাউন্ডের গণনা শেষে অন্যবারের মতো ফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ উপনির্বাচন কমিশনার উমেশ মিশ্র বলেছেন, ইভিএমের ভোটগণনার পরে ভিভিপ্যাট যন্ত্রের কাগজের স্লিপ গণনা শুরু হবে। পরে দুটি যন্ত্রের ভোটের সংখ্যা মিলিয়ে দেখা হবে। কেন্দ্রপিছু পাঁচটি করে বুথের ইভিএম আর ভিভিপ্যাটের ফল মেলানো হবে। এ পাঁচটি বুথ বাছাই করা হবে লটারির মাধ্যমে।
ভারতে ভোট নেয়ার জন্য ইলেকট্রনিক ভোট যন্ত্র (ইভিএম) ব্যবহার শুরু হওয়ার পর থেকে গণনার দিন দুপুরের মধ্যে মোটামুটি স্পষ্ট হয়ে যায় ফলাফল। কিন্তু এবারের ভোটে সব কেন্দ্রেই ইভিএমের সঙ্গে যুক্ত যে ভিভিপ্যাট যন্ত্র ব্যবহার করা হচ্ছে, তা একটি একটি করে গুনতে হবে। ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাট যন্ত্রের ফলাফল না মিললে আবারও গুনতে হবে ভোট। এরপরই ফলাফল প্রকাশ করা যাবে। একেকটি ভিভিপ্যাট যন্ত্রের ভোট গুনতে প্রায় এক ঘণ্টা সময় লাগবে। যদি একবারেই মিলে যায় ফল, তাহলেও একেকটি কেন্দ্রের ফল ঘোষণা হতে অন্তত পাঁচ ঘণ্টা বেশি সময় লাগবে।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সব্যসাচী বসু রায়চৌধুরী কয়েক দশক ধরে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করছেন। তিনি বলেন, প্রতিটা ভিভিপ্যাট যন্ত্রের স্লিপ একটা একটা করে গুনতে হবে। যদি ইভিএমের সংখ্যার সঙ্গে সেটা না মেলে তাহলে আবারও গুনতে হবে। তাই ব্যালটের যুগে যেমন গণনা শেষ হতে প্রায় ৭২ ঘণ্টা সময় লাগত, আমার ধারণা এবার প্রক্রিয়াটা শেষ হতে অন্তত ৩০ ঘণ্টা লাগবে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি