নেত্রীকে স্বাগত জানাতে সম্মেলনস্থলে নেতাকর্মীদের ভিড়
বাংলাপ্রেস ডেস্ক: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। সম্মেলন উদ্বোধন করতে বিকেল ৩টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে প্রবেশ গেটে নেতাকর্মীরা ভিড় করেছেন নেত্রীকে স্বাগত জানাতে।
যে গেট দিয়ে শেখ হাসিনা প্রবেশ করবেন, সেখানে অন্তত এক হাজার নেতাকর্মীকে জমায়েত হতে দেখা যায়। একইসঙ্গে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন তারা।
শুক্রবার বিকেল ৩টায় দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। বিকেল ৩টায় উদ্বোধন হলেও সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে সারা দেশ থেকে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ছুটে আসছেন।
এদিকে, সম্মেলনে অংশ নিতে আসা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীর রমনা পার্ক এলাকায়ও ভিড় জমিয়েছেন। একইসঙ্গে সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানের শিশুপার্ক সংলগ্ন গেটেও অবস্থান নিয়েছেন তারা।
সম্মেলন ঘিরে এবং প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগ পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছেন। একইসঙ্গে মৎস্য ভবন থেকে শাহবাগ এলাকা পর্যন্ত যান চলাচল সীমিত করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি