১৩ আগস্ট ২০২৬

নেদারল্যান্ডসের নতুন কোচ হলেন জাভি হার্নান্দেজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:২০ পিএম
নেদারল্যান্ডসের নতুন কোচ হলেন জাভি হার্নান্দেজ

বার্সেলোনার সাবেক কোচ ও স্পেনের বিশ্বকাপজয়ী কিংবদন্তি জাভি হার্নান্দেজ।

বাংলাপ্রেস ডেস্ক:  রোনাল্ড কোম্যানের বিদায়ের পর নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বার্সেলোনার সাবেক কোচ ও স্পেনের বিশ্বকাপজয়ী কিংবদন্তি জাভি হার্নান্দেজ। ৪৬ বছর বয়সি এই স্প্যানিশ কোচের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চার বছরের চুক্তি করেছে ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি)।

২০২৪ সালে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার পর প্রায় দুই বছর কোচিংয়ের বাইরে ছিলেন জাভি। নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়ে আবারও ডাগআউটে ফিরছেন তিনি। তার অধীনে দলের প্রথম ম্যাচ হবে আগামী ২৪ সেপ্টেম্বর, উয়েফা নেশনস লিগে জার্মানির বিপক্ষে।

জাভির নিয়োগের মধ্য দিয়ে ডাচ ফুটবলে একটি বিরল ঘটনা ঘটেছে। ১৯৭৮ বিশ্বকাপে অস্ট্রিয়ার আর্নস্ট হ্যাপেলের দায়িত্ব পালনের পর এবারই প্রথম কোনো বিদেশি কোচকে জাতীয় দলের দায়িত্ব দিল নেদারল্যান্ডস।

নতুন দায়িত্ব পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাভি। তিনি বলেন, নেদারল্যান্ডসের জাতীয় দলের কোচ হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠার সময় ইয়োহান ক্রুইফ ও রিনাস মিশেলসের দর্শন আমার ওপর গভীর প্রভাব ফেলেছে। তাই ডাচ ফুটবলের সঙ্গে আমার একটি বিশেষ সম্পর্ক রয়েছে।

মজার বিষয় হলো, বার্সেলোনায় তার কোচিং যাত্রার বড় সুযোগও এসেছিল কোম্যানের স্থলাভিষিক্ত হয়ে। ২০২১ সালে কোম্যান বরখাস্ত হওয়ার পর কাতারের আল সাদ ছেড়ে বার্সেলোনার দায়িত্ব নেন জাভি। এরপর ২০২২-২৩ মৌসুমে দলকে লা লিগা শিরোপা জেতানোর পাশাপাশি স্প্যানিশ সুপার কাপও এনে দেন।

তবে ২০২৩-২৪ মৌসুমে কোনো শিরোপা জিততে না পারায় বার্সেলোনা তার পরিবর্তে জার্মান কোচ হান্সি ফ্লিককে দায়িত্ব দেয়।

বার্সেলোনার আগে আল সাদের কোচ হিসেবেও সফল ছিলেন জাভি। ২০১৯ সালে কোচিং ক্যারিয়ার শুরু করে কাতারি ক্লাবটির হয়ে সাতটি ট্রফি জিতেছিলেন তিনি।   

খেলোয়াড় হিসেবে জাভির অর্জনের তালিকাও সমৃদ্ধ। বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জয়ের পাশাপাশি স্পেনকে ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বার্সেলোনা ছাড়ার পর বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের প্রস্তাব পেলেও তা গ্রহণ করেননি জাভি। কিছুদিন বিরতি নেওয়ার পর সম্প্রতি জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। সেই সুযোগই এবার এনে দিয়েছে নেদারল্যান্ডস।

ডাচ দলে প্রতিভার ঘাটতি নেই বলে মনে করেন জাভি। তার বিশ্বাস, বর্তমান স্কোয়াডকে আরও সুসংগঠিত করে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০৩০ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গড়ে তোলাই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি