ম্যাসাচুসেটসে খাদ্য সহায়তা জালিয়াতির অভিযোগে চার বাসিন্দা অভিযুক্ত
ম্যাসাচুসেটসের যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি লিয়া ফোলি
ইমা এলিস: ফেডারেল কৌঁসুলিদের অভিযোগ, ম্যাসাচুসেটসের চার বাসিন্দা ১০০–এর বেশি চুরি করা পরিচয় ব্যবহার করে বহু রাজ্যে খাদ্য সহায়তা (স্ন্যাপ) ও মহামারিকালীন বেকার ভাতা থেকে ১০ লাখ ডলারের বেশি অর্থ আত্মসাৎ করেছেন।
ম্যাসাচুসেটসের যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি লিয়া ফোলি জানান, কানেকটিকাট, ফ্লোরিডা, কেন্টাকি, নিউ জার্সি, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া এবং পুয়ের্তো রিকো থেকে চুরি করা পরিচয় ব্যবহার করে ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ড–এ প্রায় ৪৪০ হাজার ডলারের এসএনএপি সুবিধা নেওয়া হয়েছে।
এছাড়া, অভিযুক্তরা জাল নথি দাখিল করে ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, ওহাইও, ওয়াশিংটন ও নেভাদা থেকে ৭ লাখ ডলারের বেশি ‘প্যানডেমিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স’ গ্রহণ করেছেন বলে অভিযোগ।
মঙ্গলবার বোস্টনে সংবাদ সম্মেলনে ফোলি বলেন, দেশজুড়ে ব্যাপক হারে জালিয়াতি চলছে এটা কোনো গোপন বিষয় নয়। আজকের অভিযোগগুলো বড় ছবির কেবল একটি ঝলক; শুধু ম্যাসাচুসেটসেই নয়, সারা দেশেই।
তিনি জানান, রাজ্যে সুবিধা–সংক্রান্ত জালিয়াতির সংখ্যা বাড়ায় তাঁর দপ্তরে একজন বিশেষ জালিয়াতি সমন্বয়কারী নিয়োগ দেওয়া হচ্ছে।
ফোলি বলেন,গত ডিসেম্বরে ম্যাসাচুসেটসের দুই দোকানমালিকের বিরুদ্ধে ৭ মিলিয়ন ডলারের স্ন্যাপ পাচারের অভিযোগ আনা হয়েছিল। এ ধরনের মামলা ম্যাসাচুসেটসে আরও বাড়বে।
অভিযুক্তরা স্ন্যাপ সুবিধা ব্যবহার, হস্তান্তর ও দখলের ষড়যন্ত্রের অভিযোগে তিনজন মঙ্গলবার উস্টারের ফেডারেল আদালতে হাজির হওয়ার কথা। তারা হলেন ফিচবার্গের ৪২ বছর বয়সী জোয়েল ভিসিওসো ফার্নান্দেজ এবং লিওমিনস্টারে বসবাসরত ভেনেজুয়েলার দুই নাগরিক: ৩২ বছর বয়সী রোমান ইয়েকুইজ ফার্নান্দেজ ও ২৪ বছর বয়সী কোরালবা আলবারাসিন সিনিভা।
চতুর্থ অভিযুক্ত, ফিচবার্গের ৩৭ বছর বয়সী রাউল ফার্নান্দেজ ভিসিওসোর বিরুদ্ধে এসএনএপি জালিয়াতি, ওয়্যার ফ্রড, অর্থপাচারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে; তিনি পরে আদালতে হাজির হবেন।
তদন্তের কেন্দ্রবিন্দু লিওমিনস্টারের ‘এল প্রিমো’ রেস্তোরাঁ, যার মালিক ফার্নান্দেজ ভিসিওসো। কৌঁসুলিদের দাবি, জালিয়াতির মাধ্যমে পাওয়া এসএনএপি কার্ড ব্যবহার করে রেস্তোরাঁর জন্য বড় অঙ্কের খাদ্যপণ্য কেনা হতো, পরে সেগুলো রান্না করে সম্পূর্ণ লাভে বিক্রি করা হতো। সেই অর্থের একটি অংশ ভেনেজুয়েলা ও ডোমিনিকান রিপাবলিক–এ পাঠানো হয়েছে।
রেস্তোরাঁ ও ভিসিওসোর বাড়ি থেকে জাল পাসপোর্ট, ইবিটি কার্ড, হাতে লেখা পরিচয়তালিকা এবং এসএনএপি–সংক্রান্ত ডাকপত্র উদ্ধার হয়েছে বলে জানান কৌঁসুলিরা।
রোড আইল্যান্ডের সতর্কতা
ফোলি বলেন, ২০২৪ সালের জুনে রোড আইল্যান্ডে দুটি অ্যাপার্টমেন্ট থেকে ১১৭ জনের স্ন্যাপ আবেদন আসতে দেখা গেলে সন্দেহ তৈরি হয়। এরপর তারা ম্যাসাচুসেটসের ডিপার্টমেন্ট অব ট্রানজিশনাল অ্যাসিস্ট্যান্সের সঙ্গে যোগাযোগ করে, যেখানে চুরি করা পরিচয়ের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ডলারের বেশি এসএনএপি সুবিধা শনাক্ত হয়।
তিনি আরও বলেন, মার্কিন কৃষি বিভাগ–এর ইন্সপেক্টর জেনারেলের দপ্তর জানিয়েছে এই চুরির বিষয়ে ম্যাসাচুসেটস ডিটিএ থেকে কোনো আনুষ্ঠানিক রেফারাল রিপোর্ট তারা পায়নি। ফোলি বলেন,কার্ড বন্ধ করে দেওয়া সমাধান নয়; এতে একই ব্যক্তি নতুন চুরি করা পরিচয় নিয়ে আবার জালিয়াতি চালাতে পারে।
অনলাইন আবেদন যাচাইয়ের দুর্বলতা জালিয়াতির ঝুঁকি বাড়ায় বলেও তিনি সতর্ক করেন।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি