ময়মনসিংহে চলন্তবাসে স্বামীর সামনে স্ত্রীকে যৌন হয়রানি
ময়মনসিংহ থেকে সংবাদদাতা : চলন্ত বাসে স্বামীর সামনে স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এসময় আত্মরক্ষায় গাড়ি থেকে লাফিয়ে পড়লে ওই নারীসহ আহত হন ৪ জন। এ ঘটনায় অভিযুক্ত বাস চালককে আটক করা হয়েছে। জানিয়েছে পুলিশ সে ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত।
পুলিশ জানান, বুধবার রাতে ময়মনসিংহ নগরীর পাটগুদাম বাসস্ট্যান্ড থেকে শেরপুরে যাওয়ার কথা বলে এক দম্পতিসহ ৪ থেকে ৫ জন যাত্রীকে অনিক এন্টারপ্রাইজের একটি বাসে তোলে হেলপার। শম্ভুগঞ্জ মোড়ে পৌঁছালে রুট পরিবর্তন করে বাস কিশোরগঞ্জের দিকে নিয়ে যায় চালক মাসুদ। এসময় বাসের হেলপারসহ ৩ সহযোগী যাত্রীদের মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে স্বামীর সামনেই স্ত্রীকে যৌন হয়রানি করলে বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়েন ঐ নারী। তার দেখাদেখি আত্মরক্ষার্থে অন্য যাত্রীরাও লাফ দেয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, 'কিশোরগঞ্জের লাইনে গাড়ি ঘুরিয়ে দিয়েছে। তখন আমরা চিৎকার শুরু করছি।'
ভুক্তভুগি এক নারী জানান, 'আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। আমি জীবন রক্ষার জন্য বাসের জানালা দিয়ে লাফ দিছি।' নির্যাতিতা ও অন্য যাত্রীরা শম্ভুগঞ্জ পরিবহন শ্রমিক সমিতিতে গিয়ে বিষয়টি জানালে, রাতেই সাহেব কাচারি এলাকা থেকে অভিযুক্ত চালক মাসুদকে আটক করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন শ্রমিক নেতারা।
এদিকে পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে চালক মাসুদ। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত চালক মাসুদ বলেন, 'আমার হেলপার, ঘটক, ফয়সাল আর বাবুল শেরপুরের যাত্রী উঠিয়ে একটি মেয়ে ও তিন-চার জন যাত্রীকে নির্যাতন করার চেষ্টা করেছে।'
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক খন্দকার শাকের আহমেদ বলেন, 'আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছি। মূল আসামি ধরা পড়েছে। আর বাকি যাদের নাম বলা হয়েছে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো।' অনিক এন্টারপ্রাইজ বাসের মালিক গাজীপুরের মাস্টারবাড়ি নিবাসী আব্দুল মজিদ।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি