২৪ সেপ্টেম্বর ২০২৬

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ এএম
মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  দক্ষিণ আমেরিকার জাতীয় দলগুলো ২০২৬ বিশ্বকাপের পর নতুন একটি বিশ্বকাপ পরিকল্পনার পথে যাত্রা শুরু করেছে। তবে সামনের কয়েক বছরের সূচি ও প্রতিযোগিতার কাঠামো নিয়ে এখনো অনেক কিছুই চূড়ান্ত হয়নি। ২০২৮ সালে কোপা আমেরিকা হওয়ার কথা থাকলেও কোথায় হবে, তা নিশ্চিত নয়। অবশ্য যুক্তরাষ্ট্রে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব নিয়েও প্রশ্ন আছে। আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে আয়োজক হিসেবে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় বাকি সাত দলের জন্য কী ধরনের বাছাই হবে, তা এখনো নির্ধারিত হয়নি। সম্ভাব্য একটি পদ্ধতি হতে পারে নেশন্স লিগের আদলে ১০ দলের প্রতিযোগিতা, যার মাধ্যমে একই সঙ্গে বাছাইপর্ব ও একটি ট্রফির লড়াই হবে।

তবে অনিশ্চয়তার মধ্যেও একটি পরিবর্তন প্রায় নিশ্চিত। বিশ্বকাপের নতুন চক্র মানেই দলে পরিবর্তন। দক্ষিণ আমেরিকার ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী অবস্থানগুলোর একটি হলো ১০ নম্বর জার্সি। ব্রাজিল ও আর্জেন্টিনায় নেইমার ও লিওনেল মেসির যুগ শেষ হওয়ায় শুরু হয়েছে সেই জার্সির নতুন দাবিদার খোঁজার পালা।

ব্রাজিলের ক্ষেত্রে ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে উঠতে না পারার পর পরিবর্তনটা ছিল প্রত্যাশিত। কোচ কার্লো আনচেলত্তি দায়িত্বে থাকলেও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য বড় পরিবর্তন এনেছেন দলে।

নরওয়ের কাছে হারের পর নেইমার-অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে বলেই মনে করা হচ্ছে। ব্রাজিলে এখনো অনেকে আশা করেন, এই তারকার কাছ থেকে আরও কিছু পাওয়া সম্ভব। তবে আনচেলত্তির অবস্থান ভিন্ন। নরওয়ের বিপক্ষে হারের দায় নিজের কাঁধে নিয়ে তিনি বলেন, দ্বিতীয়ার্ধে নেইমারকে মাঠে নামানোর পর দলের ভারসাম্য নষ্ট হয়েছিল। তিনি কোনো খেলোয়াড়কে দায়ী না করলেও নেইমার যে এখন আর তার পরিকল্পনার অংশ নন, সেটি স্পষ্ট করেছেন। এখন ব্রাজিলের আক্রমণে বড় দায়িত্ব নিতে পারেন চেলসির জোয়াও পেদ্রো। নেইমার দলে ফেরার পর বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি। বিশ্বকাপের দল ঘোষণার সময় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আনচেলত্তিকে কিছুটা অস্বস্তিতেই দেখা গিয়েছিল। পরে তাকে আবার দলে ডাকেন। তবে চোটের কারণে আসন্ন ম্যাচগুলোতে খেলতে পারবেন না জোয়াও পেদ্রো।

নেইমারের জায়গা পূরণের প্রশ্নটি শুধু নতুন একজন ১০ নম্বর খোঁজার বিষয় নয়, আক্রমণের নেতৃত্ব কে দেবেন, সেটিও বড় প্রশ্ন। বিশ্বকাপে ব্যক্তিগতভাবে ভালো করা ভিনিসিয়ুস জুনিয়র এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। তবে রাফিনহার কাছ থেকেও বড় প্রত্যাশা থাকবে। বার্সেলোনার এই ফরোয়ার্ড বিশ্বকাপে চোটে ভুগেছিলেন। আনচেলত্তির বড় কাজ হবে তার সেরা পারফরম্যান্স বের করে আনা।

ব্রাজিলের আরেকটি বড় সমস্যা মাঝমাঠ। আনচেলত্তির মতে, দলের সবচেয়ে দুর্বল জায়গা এটি। নরওয়ের বিপক্ষে নিয়ন্ত্রণে থেকেও বল দখলে পিছিয়ে ছিল ব্রাজিল। তাই দীর্ঘমেয়াদে ম্যাচ নিয়ন্ত্রণ করতে সক্ষম মিডফিল্ডার তৈরি করাকে গুরুত্ব দিচ্ছেন তিনি।

সান্তোসের গ্যাব্রিয়েল বন্তেপো, করিন্থিয়ান্সের ব্রেনো বিদন ও ফ্লুমিনেন্সের মার্তিনেল্লির মতো তরুণদের দিকে তাই নজর থাকবে। আন্দ্রে সান্তোস ও দগলাস লুইজ ক্যাসেমিরোর পুরোনো ভূমিকার জন্য লড়বেন। তাদের সঙ্গে বিশ্বকাপের অভিজ্ঞ ব্রুনো গিমারায়েস ও দানিলো সান্তোসও থাকবেন।

অন্যদিকে আর্জেন্টিনার সামনে আরও বড় পরিবর্তনের প্রশ্ন। লিওনেল মেসি এবার জাতীয় দলের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন। ৬ অক্টোবর বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে পারে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ। তবে মেসিকে ছাড়া ভবিষ্যতের দল গঠনে কর্ডোবার বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ দুটি আরও গুরুত্বপূর্ণ হতে পারে।

মেসির অনুপস্থিতি অবশ্য আর্জেন্টিনার জন্য নতুন নয়। গত বিশ্বকাপের ১৮টি বাছাই ম্যাচের মাত্র ১০টিতে শুরু করেছিলেন তিনি। তার অনুপস্থিতিতে অনেক সময় আক্রমণভাগের প্রতিভা, গতি ও বহুমুখিতা কাজে লাগিয়ে জুলিয়ান আলভারেজকে তার জায়গায় ব্যবহার করা হয়েছে। আর্জেন্টিনার ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ থাকবেন এই ফরোয়ার্ড।

তবে বিশেষজ্ঞ ১০ নম্বর হিসেবে আলোচনায় সবচেয়ে বেশি আসছে কোমোর নিকো পাজের নাম। সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডারের ছেলে পাজ ইতালিয়ান লিগে নিজের পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। মেসির সঙ্গে একই দলে তাকে খেলানো কঠিন ছিল, কারণ দুজনই পায়ে বল নিয়ে খেলতে পছন্দ করেন। মেসি না থাকায় সেই সমস্যা আর থাকবে না। ফলে পাজকে দীর্ঘ সময় সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে তার প্রতিদ্বন্দ্বী হতে পারেন ফিওরেন্টিনার ফ্রাঙ্কো মাস্তানতুওনো। রিয়াল মাদ্রিদ থেকে ধারে ইতালির ক্লাবটিতে গিয়ে মৌসুমের শুরুটা ভালো করেছেন তিনি। চোট কাটিয়ে ফিরলে থিয়াগো আলমাদাও আলোচনায় থাকবেন। রিভার প্লেটে যোগ দেওয়ায় এখন আর্জেন্টিনার দর্শকদের সামনে নিয়মিত নিজের যোগ্যতা প্রমাণের সুযোগও পাচ্ছেন তিনি।

নেইমার ও মেসি নিজ নিজ জাতীয় দলের হয়ে যে অধ্যায় তৈরি করেছেন, তা সহজে পূরণ হওয়ার নয়। তবে তাদের বিদায়ের মধ্য দিয়েই ব্রাজিল ও আর্জেন্টিনার নতুন প্রজন্মের সামনে নিজেদের ইতিহাস লেখার সুযোগ তৈরি হয়েছে। নতুন বিশ্বকাপ চক্রে সেই নতুন অধ্যায়ের শুরু এখনই।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি