৬ মে ২০২৬

মেম্বার থেকে প্রধানমন্ত্রী, সবাইকে জবাবদিহি করতে হবে: তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মেম্বার থেকে প্রধানমন্ত্রী, সবাইকে জবাবদিহি করতে হবে: তারেক রহমান
বাংলাপ্রেস ডেস্ক: সমাজের প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমরা দেশে একটা জবাবদিহির পরিবেশ তৈরি করতে চাই। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য জবাবদিহি। শুধু প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা জবাবদিহি করবেন? না। প্রতিটা পর্যায়ে জবাবদিহি করতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার যেমন জবাবদিহি করবেন, একজন প্রধানমন্ত্রীও জবাবদিহি করবেন। সরকারি-বেসরকারি খাতের প্রতিটি পর্যায়ে জবাবদিহি করতে হবে। শনিবার (৭ ডিসেম্বর) বিএনপির ঘোষিত ‘৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তকরণ’ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর বিভাগীয় দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে আয়োজিত এই কর্মশালায় তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। কর্মশালায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলা বিএনপির নেতারা অংশ নেন। বিকাল ৪টা থেকে ঘণ্টাব্যাপী অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তারেক রহমান। পরে সবার উদ্দেশে বক্তব্য দেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘পলায়নকৃত স্বৈরাচার সরকারের আমলে কোনোক্ষেত্রেই জবাবদিহি ছিল না। দেশে যদি জবাবদিহি থাকতো, তাহলে ফরিদপুর থেকে ২ হাজার কোটি টাকা পাচার হতো না।’ তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য খাতে এমন একটি পর্যায় সৃষ্টি করতে চাই যে, দেশের মানুষ দেশেই চিকিৎসা নিতে পারবে। শিক্ষার্থীরা তাদের ন্যায্য শিক্ষা নিতে পারবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। একমাত্র জবাবদিহি প্রতিষ্ঠা করা গেলে অনেক কিছুই করা সম্ভব হবে। এই জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে আমাদের ঘুরে আবার পেছনে যেতে হবে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যেমন ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ঠিক একইভাবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। যার মাধ্যমে পর্যায়ক্রমে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজ শুরু করতে পারবো। বিএনপির প্রতি জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, ‘বিএনপির প্রতি জনগণের আস্থা আছে বলে ঘরে বসে থাকলে সেই আস্থা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। সুতরাং, প্রথম শর্ত হচ্ছে জনগণকে আস্থায় রাখা এবং আস্থায় রাখতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমাদের উঠতে হবে এবং চলতে হবে। আমাদের মধ্যে কেউ কেউ কিছু ভুল করছে, সেই ভুল থেকে তাদের শুধরে যেতে হবে। অথবা তাদের সতর্ক করতে হবে। ক্ষেত্র বিশেষে আমাদের আরও কঠোর হতে হবে। মনে রাখতে হবে, রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা। এই পুঁজি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে।’ দেশ সংস্কারের কথা উল্লেখ করে বলেন, ‘গত দুই-তিন মাসে দেখেছি, বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন সংস্কারের কথা বলছেন। তারা যে সংস্কারের কথা বলছেন, তা আমাদের এই ৩১ দফার মধ্যেই রয়েছে। আমরা যে মূল বিষয় বলেছি, তারা একই কথা বলছেন। বিএনপি এমন একটি সময়ে এই দফাগুলো উপস্থাপন করেছে, যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবেই। হয়তো সঠিক সময়টা জানতাম না। আমরা যে দেশের মানুষের জন্য কাজ করতে চাই, এটিই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ। এর আগে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসকুর রহমান মাসুক, মো. সেলিমুজ্জামান সেলিম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদারেছ আলী ইছা, সদস্য সচিব একে একটি কিবরিয়া স্বপন ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি