১২ আগস্ট ২০২৬

মার্কিন যুদ্ধজাহাজে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহতের দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৯:২৪ এএম
মার্কিন যুদ্ধজাহাজে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহতের দাবি

ইউএসএস আব্রাহাম লিংকনে ক্রুদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানের গণমাধ্যম দাবি করেছে, মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌ সেনাদের মধ্যে সংঘর্ষে সাতজন মার্কিন নৌবাহিনীর সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

মার্কিন নৌবাহিনী বা সেন্ট্রাল কমান্ডও এখন পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রণতরিটি মোতায়েন থাকায় নাবিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি নিয়ে কথা বলতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরিতে যান। সেখানে নাবিকদের সঙ্গে কথা বলার সময় তার দিকে পানির বোতল ছোড়া হয় বলে দাবি করা হয়েছে।

এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে নাবিকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহার করা হয় এবং এতে সাতজন নিহত ও কয়েকজন আহত হন বলে তাসনিমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এসব তথ্যও এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে মার্কিন সেনাদের মোতায়েন এবং তাদের ওপর কাজের চাপ বাড়ার মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে।

এর আগে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড-এও বিভিন্ন সমস্যার খবর পাওয়া গিয়েছিল। এসব অভিযোগের পর মার্কিন নৌবাহিনীতে নাবিকদের মনোবল, দীর্ঘমেয়াদি সামরিক মোতায়েন এবং কর্মপরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সদস্য গত ২১ নভেম্বর থেকে মোতায়েন রয়েছেন। তাদের এই অভিযান মূলত মে মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের পরও মোতায়েনের মেয়াদ বাড়ানো হয়েছে।

নাবিকদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন থাকা, ক্লান্তি, যোগাযোগের সমস্যা, বিভিন্ন সামগ্রীর ঘাটতি এবং নাবিকদের মনোবল কমে যাওয়া নিয়ে প্রকাশ্যে অভিযোগ করেছেন।

এমনও অভিযোগ পাওয়া গেছে যে, কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বা এমন চিন্তা করেছেন। এক নাবিকের স্ত্রী জানান, এক ঘটনায় তিনি তার স্বামীকে একজন সহকর্মীকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেওয়া থেকে আটকানোর চেষ্ঠা করেছেন। তবে এই মোতায়েনের সময় কতজন নাবিক সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বা আত্মক্ষতির ঘটনায় জড়িত হয়েছেন, তা মার্কিন নৌবাহিনী প্রকাশ করেনি।

এসব অভিযোগের কারণে রণতরিটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে দীর্ঘ সময় ধরে নিজ দেশ থেকে দূরে থাকার কারণে নাবিকদের ওপর এর প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। নাবিকদের পরিবারের সদস্যরা মার্কিন গণমাধ্যমকে বলেছেন, তাদের স্বজনেরা দীর্ঘ কর্মঘণ্টা, জাহাজ থেকে নামার সীমিত সুযোগ, চিঠিপত্র ও যোগাযোগ ব্যবস্থায় সমস্যা এবং খাদ্য, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির মুখে পড়েছেন।

কিছু পরিবারের সদস্যের দাবি, তাদের স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দেশে ফেরার জন্য ক্রমেই মরিয়া হয়ে উঠছেন। সম্প্রতি ২০০ জনেরও বেশি পরিবারের সদস্য সান দিয়েগোতে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এই দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে উদ্বেগ জানান।

নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাওসহ অন্যান্য কর্মকর্তারা নাবিকদের মানসিক স্বাস্থ্য, ক্লান্তি ও নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যদের উদ্বেগ শোনেন। নেভাল সারফেস ফোর্সের কমান্ডার ভাইস অ্যাডমিরাল জোসেফ কাহিলও নাবিক ও তাদের পরিবারের ওপর এই দীর্ঘ মোতায়েনের চাপের কথা স্বীকার করেছেন। তবে নৌবাহিনীর কর্মকর্তারা বলেছেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কনে পরামর্শদাতা, ধর্মযাজক, চিকিৎসাকর্মী এবং অন্যান্য সহায়তা পরিষেবা রয়েছে।

ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে ইরান-সংশ্লিষ্ট মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে আসছে। এর মোতায়েন মূলত মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা এখনো অব্যাহত রয়েছে। লিঙ্কনকে প্রতিস্থাপনের জন্য মার্কিন নৌবাহিনী ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে প্রস্তুত করছে। তবে অভিযানগত নিরাপত্তার কারণ দেখিয়ে কর্মকর্তারা কবে লিঙ্কনের মোতায়েন শেষ হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি