৫ মে ২০২৬

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উদ্যোগে গৃহহীনদের মুখে হাসি ফুটেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর উদ্যোগে গৃহহীনদের মুখে হাসি ফুটেছে

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাফিলাতলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান। এক খন্ড জমি আছে তার। কিন্তু মাথা গুজার জন্য নেই তেমন কিছু। স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনো রকমে জীবন যাপন করছেন তিনি। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে গৃহহীন মোহাম্মদ শাহজাহানকে একটি সুন্দর ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ঘরটি নির্মাণ করে দেওয়া হয়েছে জানতে পেরে তিনি খুবই আনন্দিত হয়েছেন। তাই প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে উত্তর হামছাদী ইউনিয়নের ৫৮টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। উপজেলার মোট ৭টি ইউনিয়নের ৫৭৩টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে বলেও জানা গেছে। উত্তর হামছাদী, দক্ষিণ হামছাদী, চররুহিতা, টুমচর, উত্তর জয়পুর, হাজিরপাড়া ও শাকচর ইউনিয়নের বাসিন্দাদের জন্য বরাদ্দকৃত ঘরগুলোর নির্মাণ কাজ একযোগেই চলছে। ইতোমধ্যে এ তালিকার অন্তর্ভুক্ত শতাধিক পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ টাকা। আরসিসি পিলার দিয়ে নির্মিত টিন সেডের ঘর। ঘরগুলোর মেঝে পাকা করে দেওয়া হচ্ছে। এছাড়াও রয়েছে খোলা বারান্দা ও স্যানিটারী ল্যাট্রিনের সুব্যবস্থা। ঘর নির্মাণ কাজে দক্ষ গৃহহীন পরিবারের এমন সদস্যরাও কাজের সুযোগ পাচ্ছেন এখানে।

জানা গেছে, বাজারে গিয়ে ঘর নির্মাণের জন্য উন্নত মানের ঢেউটিন, রড, সিমেন্ট ও অন্যান্য সরঞ্জাম ক্রয় করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি নিজেই। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে ঘরের আরসিসি পিলার, ল্যাট্রিনের স্লাব ও রিং। তার নির্দেশনা অনুযায়ী ঘরগুলো নির্মাণ করছে শ্রমিকরা। সময় করে প্রায়ই তিনি নির্মাণ কাজ পর্যবেক্ষণে ছুটে যান।

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু বলেন, আমার ইউনিয়নের ৫৮টি গৃহহীন পরিবারের জন্য সরকারি খরচে ঘর নির্মাণ হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে। ইউএনও স্যারের সার্বিক তত্ত্বাবধানে নির্ধারিত বরাদ্দে উন্নত মানের সরঞ্জাম দিয়েই ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। এ কাজে শতভাগ স্বচ্ছতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো উত্তর হামছাদী ইউনিয়নের গৃহহীনদের অন্য তালিকাটি শিঘ্রই অনুমোদন দেওয়ার দাবী জানান তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি বলেন, উপজেলার যেসব ইউনিয়নের গৃহহীনদের জন্য ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, সেসব ইউনিয়নে একযোগে নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যে প্রায় ১শ’টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। আশা করি, অন্যান্য ঘরগুলোর কাজও যথাসময়ের মধ্যে সম্পূর্ণ হবে। গৃহহীনদের অধিকার, এসব ঘর উন্নত সরঞ্জাম দিয়ে সঠিকভাবে নির্মাণের বিষয়ে শতভাগ সতর্কতা অবলম্বন করা হয়েছে। মূলত এ প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে লক্ষ্মীপুর সদরে ৫৭৩, রামগঞ্জে ৪৭৬, রায়পুরে ১৯৮, রামগতিতে ৩০২ ও কমলনগর উপজেলায় ১৬২টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য ১৬ কোটি ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি