
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জাহেদা বেগম নামে এক প্রবাসীর স্ত্রী স্থানীয় ইউপি সদস্যের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত ৩১ আগস্ট (সোমবার) নিজের নিরাপত্তা চেয়ে জাহেদা বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, ইউপি সদস্য আমিন পাটোয়ারী ও তার ছেলে সাকিল, তার শালা রুবেল, আব্দুল মতিনের ছেলে মামুন, ছিদ্দিক মিয়ার ছেলে ফয়েজ। অভিযোগে জানা যায়, জাহেদা বেগমের স্বামী বাবুল মুন্সি দীর্ঘ ২২বছর থেকে বিদেশে রয়েছেন। তার তিন ছেলেও প্রবাসী। ইউপি সদস্য আমিন পাটোয়ারী, ছেলে সাকিল, শালা রুবেল,মামুন,ফয়েজ প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছেন জাহেদা বেগমের স্বামী, ছেলেরা দেশে আসলে খুন করা হবে। তাকে অশ্লীল ভাষায় গাল-মন্দও করেছেন প্রতিনিয়ত। তাদের ভয়ে নিজ এলাকা থেকে পালিয়ে অন্য এলাকায় আত্মগোপনে রয়েছে জাহেদা। বিবাদী সাকিল ও তার মামা রুবেলসহ অন্যরা ফেসবুকে বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে জাহেদা ও তার পরিবারের লোকজনকে হুমকিসহ মানহানি কর পোস্ট দিচ্ছেন।
এ বিষয়ে ইউপি সদস্য আমিন পাটোয়ারী বলেন, এ রকম কোন ঘটনায় ঘটেনি। তার ছেলেরা প্রবাসে থেকে আমাদের নামে বিভিন্ন অনলাইন ফেইসবুক স্ট্যাটাসও দিয়েছে। আমরাও রায়পুর থানায় জিডি করেছি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]