
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ১৪ এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউন দেয়া হবে। জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস আদালত, গণপরিবহণ, গার্মেন্টস-কলকারখানাসহ সব বন্ধ থাকবে।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এসময় তিনি জানান, এবার লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি ও বেসরকারি সব অফিস-কারখানা বন্ধ থাকবে। কোন যানবাহন চলবে না। গার্মেন্টস কারখানাও বন্ধ থাকবে। রবিবার (১১ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
ফরহাত হোসেন আরো জানান, করোনা ঠেকাতে গত ২৯ মার্চ থেকেই মানুষকে সতর্ক করা হচ্ছে। ৪ এপ্রিলের প্রজ্ঞাপনের মাধ্যমেও জনমত তৈরি, মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ নানা নির্দেশনা দেয়া হয়েছে। তবে, যেভাবে করোনাভাইরাসের বিস্তার ঘটছে, কঠোর লকডাউনের মাধ্যমেই এটি ঠেকাতে হবে বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। কড়া লকডাউন না হলে করোনার বিস্তার ও মৃত্যুর সংখ্যা ঠেকানো যাবে না।
এর আগে, শুক্রবার সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোন পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। এমন অবস্থায় জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের কথা ভাবছে সরকার।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]