লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড
বাংলাপ্রেস ডেস্ক: লালমনিরহাটে শিশু নন্দিনী রায় হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় হত্যায় সহায়তা ও মরদেহ গুমের চেষ্টার দায়ে বিধান চন্দ্রের বাবা রনজিত কুমার বর্মণ ও মা মমতা রানীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জুন আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশু নন্দিনী রায়। পরদিন বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে, হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা আসামি বিধানের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালায় উত্তেজিত এলাকাবাসী।
মামলা সূত্রে আরও জানা যায়, পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে শিশু নন্দিনীকে শ্বাসরোধে হত্যা করে মাটিচাপা দেয়া হয়। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় প্রধান আসামি বিধান চন্দ্র রায়।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নিহত নন্দিনীর স্বজনরা।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, শিশু নন্দিনী হত্যায় প্রধান আসামিকে মৃত্যুদণ্ড ও অপর দুই আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত চার্জশিট দাখিল করা হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি