লালমনিরহাটে আইনজীবী হাফিজ নিখোঁজ, থানায় জিডি

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ (৫০) আদালত থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মঙ্গলবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবার। হাফিজুর রহমান সাপটানা এলাকার বাসিন্দা। মঙ্গলবার গভীর রাতে তার ছেলে সাদমান সাকিব স্নিগ্ধ লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, অ্যাডভোকেট হাফিজুর রহমান নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করেছে। পরিদর্শক মোজাম্মেল হককে এই বিষেয়ে তদন্ত কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে।
পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, মঙ্গলবার বিকাল পাঁচটা পাঁচ মিনিট থেকে হাফিজুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হাফিজুর রহমানের স্ত্রী শিরিনাজ পারভীন জানান, প্রতিদিনের মতো সকাল ১০টার দিকে তিনি আদালতে যান। কিন্তু রাত ১০ টায়ও বাড়িতে না ফেরায় মোবাইলে তার খোঁজ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে না পাওয়ায় রাতে ছেলে সাদমান সাকিব স্নিগ্ধ বাদী হয়ে নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি