কুরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ
বাংলাপ্রেস ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৪৫-৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫-৪০ ও খাসির চামড়া ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বাণিজ্যমন্ত্রীর সঙ্গে চামড়া ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, এবার প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকায় কেনা হয়। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১৩ থেকে ১৫ টাকায় সংগ্রহ করতে বলা হয়েছে ব্যবসায়ীদের। ২০১৮ সালেও একই দামে চামড়া কেনা হয়।
তিনি বলেন, আমাদের বাজার দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে চাহিদাও কমে গেছে। কিন্তু চামড়াজাত পণ্যের দাম বেড়েছে। আমরা চাইছি চামড়ার দাম বাড়ুক। তবে আমাদের মান বাড়াতে হবে। তাই সব কিছু বিবেচনায় গতবারের দামই নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকায় ২০১৪ সালে ৭৫ থেকে ৮০ টাকা, ২০১৫ সালে ৫০ টাকা, ২০১৬ সালে ৫০ থেকে ৫৫ টাকা, ২০১৭ সালে ৫০ থেকে ৫৫ টাকা এবং ২০১৮ সালে ৪৫ থেকে ৫০ টাকায় প্রতি বর্গফুট পশুর চামড়া কেনা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পশুর চামড়ার দাম নির্ধারণ সংক্রান্ত ওই বৈঠকে চামড়া খাতের শিল্পের উদ্যোক্তা, ব্যবসায়ী, রপ্তানিকারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈঠকে বাণিজ্যসচিব মো. মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বিএইচএসএমএ) ও ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) নেতা ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি