১ জুলাই ২০২৬

ক্ষমতায় ফেরার পরই ডোনাল্ড ট্রাম্পের বিপুল আয়, বছরে ১০০ কোটি ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
ক্ষমতায় ফেরার পরই ডোনাল্ড ট্রাম্পের বিপুল আয়, বছরে ১০০ কোটি ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে প্রথম বছরেই ক্রিপ্টোকারেন্সি-সম্পর্কিত ব্যবসা থেকে ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন। ২০২৫ সালের বাধ্যতামূলক আর্থিক বিবরণী (ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার) প্রকাশের পর এই তথ্য সামনে এসেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত ৯২৭ পৃষ্ঠার প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্পের নামে চালু করা ‘ট্রাম্প মিম কয়েন’ থেকে রয়্যালটি বাবদ তার আয় হয়েছে ৬৩ কোটি ৫০ লাখ ডলার। যদিও উদ্বোধনের পর কয়েনটির বাজারমূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এছাড়া, ট্রাম্পের দুই ছেলে এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সন্তানদের প্রতিষ্ঠিত ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে ট্রাম্পের আয় হয়েছে ৫০ কোটিরও বেশি ডলার।

ক্রিপ্টো ব্যবসার বাইরে ট্রাম্পের গলফ রিসোর্ট ও অন্যান্য বাণিজ্যিক উদ্যোগ থেকেও এসেছে বিপুল আয়। প্রতিবেদনে বলা হয়েছে, মার-এ-লাগো ক্লাব থেকে তার আয় প্রায় ৭ কোটি ৭০ লাখ ডলার, ফ্লোরিডার ডোরাল গলফ ক্লাব থেকে ১২ কোটি ২০ লাখ ডলার এবং নিউ জার্সির বেডমিনস্টার, ফ্লোরিডার জুপিটার ও স্কটল্যান্ডের টার্নবেরি গলফ ক্লাব—প্রতিটি থেকেই ৩ কোটির বেশি ডলার আয় হয়েছে।

এছাড়া ট্রাম্প ব্র্যান্ডের ঘড়ি, বাইবেল, জুতা, সুগন্ধি ও গিটার বিক্রি থেকেও তিনি মিলিয়ন ডলার আয় করেছেন। শুধু ট্রাম্প ব্র্যান্ডের ঘড়ির রয়্যালটি থেকেই তার আয় হয়েছে ৪৭ লাখ ডলার।

ট্রাম্পের এই বিপুল আয় নিয়ে সমালোচনার মুখে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্টের ব্যবসাগুলো তার ছেলেদের পরিচালিত একটি ট্রাস্টের অধীনে রয়েছে। ফলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে ব্যক্তিগত ব্যবসার কোনো স্বার্থের সংঘাত নেই।

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘ক্রিপ্টো রাজধানী’ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। তার দাবি, প্রেসিডেন্ট বা তার পরিবার কখনোই স্বার্থের সংঘাতে জড়াননি এবং ভবিষ্যতেও জড়াবেন না।

উল্লেখ্য, একসময় ট্রাম্প বিটকয়েনকে ‘প্রতারণা’ ও ‘বিপজ্জনক’ বলে সমালোচনা করেছিলেন। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে তিনি ক্রিপ্টো শিল্পের অন্যতম বড় সমর্থকে পরিণত হয়েছেন। গত জুলাইয়ে তিনি ‘জিনিয়াস আইন’-এ স্বাক্ষর করেন, যার লক্ষ্য যুক্তরাষ্ট্রকে ডিজিটাল সম্পদ ও ক্রিপ্টোকারেন্সি খাতে বৈশ্বিক নেতৃত্বের অবস্থানে নিয়ে যাওয়া।

প্রতিবেদনে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়ের তথ্যও প্রকাশ করা হয়েছে। তিনি একটি প্রামাণ্যচিত্রের লাইসেন্স চুক্তি থেকে ১ কোটি ৭০ লাখ ডলার এবং এনএফটি বিক্রি থেকে ৬০ লাখ ডলার আয় করেছেন।

অন্যদিকে, ফোর্বসের হিসাব অনুযায়ী বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলার, যা ২০২৪ সালে ছিল ২৩৩ কোটি ডলার। তবে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স তার সম্পদের পরিমাণ আরও বেশি, ৭৬০ কোটি ডলার বলে উল্লেখ করেছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি