৬ মে ২০২৬

ক্ষমতাসীনরা নাশকতা করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ক্ষমতাসীনরা নাশকতা করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে: রিজভী
বাংলাপ্রেস ডেস্ক: নাশকতা ঘটিয়ে গণবিরোধী কর্মকাণ্ড করে বিএনপি ও গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে একচেটিয়া প্রচারণা চালাচ্ছে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ক্ষমতাসীন দলের নেতারা অহর্নিশ কথা বলে যাচ্ছেন। সংবাদমাধ্যম তো তাদের নিয়ন্ত্রণে। অজ্ঞাত স্থান থেকে মঙ্গলবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব। রুহুল কবির রিজভী বলেন, অনেক গণমাধ্যমকে জোর করে হুমকি দিয়ে সরকারের কথা প্রচারের নির্দেশ দিচ্ছে। তাদের সকল নাশকতা ও অপকর্ম সবকিছু জনগণের ওপর নামিয়ে এনেছে। সেই লক্ষ্যে এখন তারা সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে। ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা কোথাও কাউকে বাদ দিচ্ছে না। কাউকে না পেলে পরিবারের সদস্যদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। যাদেরকে ধরা হচ্ছে তাদের ওপর অমানবিক নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে। যেন উৎপীড়নের ভয়ংকর কাঠামো তারা তৈরি করেছে। নানাভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। তৃতীয় দফার অবরোধ কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, দেশ ও দেশের মানুষের নাগরিক স্বাধীনতা ও মালিকানা ফিরিয়ে আনা ও দেশ থেকে অনাচার দুর্নীতি মুক্ত করার জন্য আবারও ৮ ও ৯ নভেম্বর ৪৮ ঘণ্টার টানা অবরোধ ঘোষণা করা হয়েছে। দলীয় নেতাকর্মীসহ সবাইকে এই স্বৈরশাহীর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। দেশের অতীত ঐতিহ্য হচ্ছে নিরন্তর লড়াই-সংগ্রাম করা। তিনি বলেন, আজকে ক্ষমতাসীনরা কখনোই গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের মতামতে বিশ্বাস করে না। তারা প্রথমেই ধারালো অস্ত্র দিয়ে গণতন্ত্র হত্যা করে। আবারও দেশে নতুন কায়দায় বাকশাল কায়েম করা হয়েছে। আজও তারা দেশে পরিকল্পিতভাবে নাশকতার ছক তৈরি করে। অন্যদিকে যার বিপুল জনসমর্থন রয়েছে তাকে এ ধরনের নাশকতা করতে হয় না। তিনি বলেন, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বিএনপির মহাসমাবেশে লাখ লাখ মানুষ জড়ো হয়। এসব দেখেই ক্ষমতাসীন স্বৈরশাহী পুলিশ, ছাত্রলীগকে দিয়ে নাশকতা করে বিপুল মানুষের জমায়েতকে নস্যাৎ করার কাজে লাগিয়েছে। এটা গোটা বিশ্বের মানুষ দেখেছে। কত ভয়ংকর ও সর্বনাশা দল হতে পারে আওয়ামী লীগ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী মনে হয় বিরোধী মত দমনে কাজ করছেন। অথচ তাদের অস্ত্র, গুলি সবকিছুই তো জনগণের ট্যাক্সের টাকায়। জনগণকে ভয় পাইয়ে দিতে এবং একতরফা নির্বাচন করতেই আজকে তারা কাজ করছে। এক্ষেত্রে টার্গেট করা হয়েছে তরুণদেরকে। রিজভী বলেন, আজকে দেশের গণতন্ত্রকামী মানুষ এত উৎপীড়নের মধ্যেও রাজপথে নেমে এসেছে। যারা বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচি পালন করছে। কারণ দেশের মানুষ গণতন্ত্র বঞ্চিত, দেশের মালিকানা থেকে বঞ্চিত। তাদের রক্তের ঋণ পরিশোধ ও জনগণের মালিকানা প্রতিষ্ঠায় মাঠে সক্রিয় রয়েছেন। সবাইকে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে রিজভী বলেন, সবার শান্তিতে থাকার জন্যই আমাদের এই অবরোধ কর্মসূচি। যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়তে হবে। আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার লক্ষ্যে মাঠে আছি। ‘এটা ছাড়া কারও কোনো নিরাপত্তা নেই। নয়তো দেশ ছাড়তে হবে। নয়তো দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে প্রজা হয়ে থাকতে হবে। কিন্তু দেশের মানুষের ইতিহাস তারা কখনো এভাবে থাকেনি। এখানে ফকির বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, সাঁওতাল আন্দোলন হয়েছে। এ ধরনের বিপ্লব আমাদেরকে আজও অনুপ্রাণিত করছে। সুতরাং জনগণ আবারও নির্ধারণ করবে কে হবেন দেশের শাসক।’—যোগ করেন তিনি। গত ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার সংবাদ সম্মেলনে রিজভী গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের গ্রেপ্তার, হামলা-মামলার চিত্র তুলে ধরে বলেন, মোট গ্রেপ্তার প্রায় ৫ শতাধিক নেতাকর্মী, মোট মামলা ১৬টি, মোট আসামি ১৭২৮ জনের অধিক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত) এবং মোট আহত ৪৮ জনের অধিক নেতাকর্মী। তিনি জানান, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৪-৫ দিন পূর্ব থেকে অদ্যাবধি পর্যন্ত মোট গ্রেপ্তার ৮৯৫১ জনের অধিক নেতাকর্মী। মোট মামলা ১৪৮টির অধিক, মোট আহত ৩৫৬৬ জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যু ১১ জন (সাংবাদিক ১ জন)। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি