
বাংলাপ্রেস ডেস্ক: করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি থামছেই না। দেশে আজও মারা গেছে ৫০ জন। শনাক্ত ৩ হাজার ৩১৯। সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন।
সংক্রমণ ঠেকাতে লকডাউনে রাজশাহী নগরী। কিন্তু মিলছে না ইতিবাচক ফলাফল। একদিন শনাক্ত কমলেও, বাড়ছে পরেরদিন। সবশেষ শনাক্তের হার পঞ্চাশের ঘরে।
কমছে না প্রাণহানিও। মঙ্গলবার রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে আরও ১২ জনের। চলতি মাসের ১৫ দিনে মারা গেলেন ১৪৮ জন। এর মধ্যে ৮৮ জনই শনাক্তের পর।
রাজশাহী মেডিকেলের পরিচালকের আশা চলতি মাসের শেষ দিকে লকডাউনের সুফল মিলতে পারে। এজন্য বিধিনিষেধ মেনে চলা ও সচেতনতার বিকল্প নেই।
সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। যদিও শহর ও আশেপাশের সড়কে যানবাহন চলছে আগের মতোই। খোলা রয়েছে অনেক দোকানপাট। বেশিরভাগই ঘোরাফেরা করছেন মাস্ক ছাড়া।
নাটোরেও কমছে না সংক্রমণ। টানা তিন দিন শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬০ শতাংশে। এ অবস্থায় সদর ও সিংড়া পৌরসভায় লকডাউন বাড়ানো হলো আরও সাতদিন।
গেল ২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনা আক্রান্তের রেকর্ড ছাড়ালো। মিলেছে ১৯১ জনের শরীরে। এছাড়া নড়াইলে দুই ডোজ টিকা নেয়া ৫/৬ জনের দেহেও ধরা পড়েছে করোনা।
বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]