
বাংলাপ্রেস ডেস্ক: করোনা মহামারি মোকাবিলায় ৬৪ জেলায় ৬৪ জন সচিবকে দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, জেলা পর্যায়ে কেভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সমন্বয়ের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, দায়িত্ব পাওয়া সিনিয়র সচিব ও সচিবরা সমন্বয়কাজে তাদের মন্ত্রণালয়, দপ্তর বা সংস্থার উপযুক্ত সংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জেলার সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান করবেন।
আদেশে আরও বলা হয়, অবসর বা বদলির কারণে সিনিয়র সচিব বা সচিবের দপ্তর পরিবর্তন বা পদ শূন্য হলে সেখানে নিযুক্ত সিনিয়র সচিব বা সচিব দায়িত্ব পালন করবেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]