কিশোরগঞ্জ-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আ'লীগের প্রার্থী লিপি
কিশোরগঞ্জ থেকে সংবাদদাতা : শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোটবোন আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি একাদশ সংসদের কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের উপ নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।
রোববার কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছন। তিনি জানান, দ্রুত গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হবে।
রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আসনটিতে। বিকেল পৌনে ৫টার দিকে গণতন্ত্রী পার্টির প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এর আগে শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম এ আসন থেকে টানা পঞ্চমবারের মতো জয়ী হন। কিন্তু শপথ নেওয়ার আগে গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে আসনটিতে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি