খাদ্য সহায়তার তথ্য না দেওয়ায় যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যের বিরুদ্ধে বিচার বিভাগের মামলা
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)
ইমা এলিস: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচি এসএনএপি (স্ন্যাপ)-এর আবেদনকারীদের তথ্য সরবরাহে অস্বীকৃতি জানানোয় কেন্টাকি, পেনসিলভানিয়া, মিশিগান ও মিনেসোটা অঙ্গরাজ্যের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে।
মামলায় আদালতের কাছে অনুরোধ করা হয়েছে, সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোর এসএনএপি বা স্ন্যাপ সংস্থাকে গত পাঁচ বছরের আবেদনকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)-এর কাছে হস্তান্তরের নির্দেশ দিতে।
বিচার বিভাগের অভিযোগ, ইউএসডিএ এই তথ্য চেয়েছিল যাতে যাচাই করা যায় অঙ্গরাজ্যগুলো এসএনএপি সুবিধাভোগীদের যোগ্যতা এবং সুবিধার পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করছে কি না। তবে চারটি অঙ্গরাজ্য তথ্য দিতে অস্বীকৃতি জানায়।
সরকার জানায়, ২৮টি অঙ্গরাজ্য ও অন্যান্য প্রশাসনিক অঞ্চল ইতোমধ্যে তথ্য সরবরাহ করেছে। সেই তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রতিবছর এসএনএপি কর্মসূচিতে অতিরিক্ত অর্থ প্রদান ও জালিয়াতির কারণে বিলিয়ন ডলার অপচয় হচ্ছে।
চলতি বছরের মে মাসে ইউএসডিএ আবারও চারটি অঙ্গরাজ্যের কাছে তথ্য চাইলেও তারা তা দিতে অস্বীকৃতি জানায়। বিচার বিভাগের মতে, এর ফলে জালিয়াতি, অপচয় ও অনিয়ম শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, করদাতাদের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়ে জনগণের স্বচ্ছতা পাওয়ার অধিকার রয়েছে। এই চারটি অঙ্গরাজ্য এসএনএপি তহবিল জালিয়াতিমুক্ত রাখতে ইউএসডিএর প্রচেষ্টায় বাধা দিচ্ছে।
ইউএসডিএ সচিব ব্রুক রোলিন্স বলেন, প্রায় এক বছর ধরে কয়েকটি অঙ্গরাজ্য ফেডারেল আইন অমান্য করে তথ্য গোপন করছে। করদাতাদের অর্থ সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য দিতে তারা অস্বীকৃতি জানালে ট্রাম্প প্রশাসন আদালতের শরণাপন্ন হবে।
বিচার বিভাগের সিভিল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট এ. শুমেট বলেন, ফেডারেল সুবিধা কর্মসূচিতে অপচয়, জালিয়াতি ও অপব্যবহার রোধে বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
ন্যাশনাল ফ্রড এনফোর্সমেন্ট ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল কলিন এম. ম্যাকডোনাল্ড বলেন, “এই অঙ্গরাজ্যগুলো শত শত মিলিয়ন ডলারের ফেডারেল তহবিল নিতে আগ্রহী, কিন্তু সেই অর্থ কীভাবে ব্যয় হচ্ছে সে বিষয়ে কোনো স্বচ্ছতা দেখাতে চায় না। তাই করদাতাদের অর্থের অপব্যবহার ঠেকাতে এই মামলাগুলো দায়ের করা হয়েছে।”
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী
২০ বছরের ডাক্তারি ছেড়ে রুটি বিক্রির ব্যবসায়, এখন সুখী সেই নারী
সঙ্গীত একাডেমি