কে এই জর্জিনা রদ্রিগেজ, রোনালদোর স্ত্রী হওয়ার আগে কী করতেন?
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনের পশ্চিমে উপকূলীয় শহর কাসকাইসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোনালদোর পাঁচ সন্তানও।
বিয়ের পর ইনস্টাগ্রামে দুজনের হাতের একটি ছবি প্রকাশ করেন পর্তুগিজ তারকা। ছবিতে দুজনের হাতেই দেখা যায় বিয়ের আংটি। পোস্টের ক্যাপশনে শুধু লিখেছেন, ‘C❤️G’। মাদ্রিদে প্রথম দেখা হওয়ার প্রায় ১০ বছর পর এবার আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রীর সম্পর্ক আবদ্ধ হলেন তারা।
পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, বিশ্বকাপ জয়ের ট্রফি হাতে নিয়ে বিয়েতে হাজির হওয়ার ইচ্ছা ছিল তার। একই সঙ্গে তিনি বলেছিলেন, জর্জিনাকে শুধু সন্তানদের মা হিসেবে নয়, বরং গভীর ভালোবাসা থেকেই বিয়ে করতে চেয়েছেন।
শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি ছাড়াই বিয়ের পিঁড়িতে বসেছেন রোনালদো। ওই সাক্ষাৎকারেই তিনি জানিয়েছিলেন, জর্জিনাই একমাত্র নারী, যার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর স্থায়ীভাবে সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এবার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
কে এই জর্জিনা?
৩২ বছর বয়সি জর্জিনা রদ্রিগেজ একজন স্প্যানিশ মডেল, নৃত্যশিল্পী ও উদ্যোক্তা। পাশাপাশি তিনি রোনালদোর পরিবারের গুরুত্বপূর্ণ অংশ এবং তার পাঁচ সন্তানের মা।
তবে জর্জিনার সঙ্গে সম্পর্কের আগে রোনালদোর জীবনে আসে তার প্রথম সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, যিনি বর্তমানে ১৬ বছর বয়সি এবং ফুটবল ক্যারিয়ারেও নিজের পরিচয় তৈরি করছেন। এরপর রোনালদোর পরিবারে যুক্ত হয় যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেও এবং আলানা ও বেল্লা।
সাধারণ জীবন থেকে বিশ্বখ্যাতি
জর্জিনার বেড়ে ওঠা ছিল তুলনামূলক সাধারণ পরিবেশে। গ্রাজিয়া ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, স্পেনের জাকা শহরে বোন ইভানা, স্প্যানিশ মা ও আর্জেন্টাইন বাবার সঙ্গে তার শৈশব কেটেছে।
ক্যাথলিক স্কুলে পড়াশোনা করা জর্জিনা ছোটবেলা থেকেই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। মাদ্রিদে পাড়ি জমানোর পর তার জীবনে আসে বড় পরিবর্তন। শুরুতে বিখ্যাত স্প্যানিশ ফ্যাশন ব্র্যান্ড মাসিমো দুত্তিতে কাজ করেন। পরে গুচিতে চাকরি করার সময় রোনালদোর সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয়ই পরবর্তী সময়ে পরিণত হয় দীর্ঘস্থায়ী সম্পর্কে।
রোনালদোর সঙ্গে সম্পর্কের পর জর্জিনা নিজেও ফ্যাশন ও মডেলিং জগতে পরিচিত মুখ হয়ে ওঠেন। বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ করার পাশাপাশি ২০২১ সালে নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘ওএম বাই জি’ চালু করেন।
এর বাইরে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগেও যুক্ত হয়েছেন তিনি। চুল পুনরুদ্ধারকারী প্রতিষ্ঠান ইনস্পারিয়াসহ একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে তার ব্যবসায়িক সম্পৃক্ততা রয়েছে। ফোর্বস স্পেনের এক প্রতিবেদনে তাকে রোনালদোর সঙ্গে ওই প্রতিষ্ঠানের সহমালিক ও প্রশাসক হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে পরবর্তী এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে তিনি প্রশাসকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
নেটফ্লিক্সে নিজের গল্প
জর্জিনার পরিচিতি আরও বাড়িয়ে দেয় নেটফ্লিক্সের রিয়েলিটি সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’। ২০২২ সালে শুরু হওয়া এই সিরিজের এখন পর্যন্ত তিনটি সিজন প্রচারিত হয়েছে।
সিরিজটিতে মডেলিং, ব্যবসা, সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা এবং মা হিসেবে ব্যক্তিজীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। নেটফ্লিক্স তাকে মডেল, উদ্যোক্তা, ইনফ্লুয়েন্সার ও মা—এই চার পরিচয়ের সমন্বয়ে তুলে ধরেছে।
বর্তমানে ইনস্টাগ্রামে ৭ কোটি ৭০ লাখের বেশি অনুসারী রয়েছে জর্জিনার। রোনালদোর জীবনসঙ্গী হিসেবে পরিচিত হওয়ার পাশাপাশি নিজের ক্যারিয়ার, ব্যবসা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবের কারণে তিনিও এখন বিশ্বজুড়ে পরিচিত এক তারকা। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি