৮ মে ২০২৬

কারাগার থেকেই ‘আইএস টুপি’ এনেছিল জঙ্গিরা : ডিবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কারাগার থেকেই ‘আইএস টুপি’ এনেছিল জঙ্গিরা : ডিবি

বাংলাপ্রেস ডেস্ক: হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মাথায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতীক সংবলিত টুপিটি কারাগার থেকেই এসেছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম।

গত বুধবার রায়ের দিন সকালে আদালতে আনার সময় অন্য আসামিদের সঙ্গে রাকিবুল হাসান রিগ্যান ও জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর মাথায় টুপি ছিল না। রায় ঘোষণা শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে তারা মাথায় আইএসের পতাকার আদলে একটি টুপি পরে। এরপরই ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ বলে স্লোগান দেয়।

এসময় উপস্থিত আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের বিষয়টি নজরে আসে। টুপিটি কোথা থেকে পেল—এমন প্রশ্নের জবাবে রিগ্যান বলে, ‘কারাগার থেকে নিয়ে এসেছি।’

এ ব্যাপারে জানতে মাহবুব আলম বলেন, ‘টুপিটা তার (রিগ্যান) পকেটেই ছিল। তখন টুপিটার ওপর আইএস আদলে লেখাটা ছিল না। কিন্তু পরে সে টুপিটা উল্টে পরে আদালত চত্বরে প্রবেশ করে। তখন লেখাটা গণমাধ্যমে দৃশ্যমান হয়।’

তিনি বলেন, ‘টুপিটা তার পকেটেই ছিল। আর কারাগার থেকে আনার পথে ব্যাপক নিরাপত্তা থাকে। তখন আসলে বাইরে থেকে টুপিটা সরবরাহ করার সুযোগ নেই। তখন এটা ঘটেওনি। টুপিটা মূলত এসেছে কারাগার থেকেই ।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব হোসেন বলেন, ‘বিষয়টি যখন নজরে আসে, তখন থেকেই কারাগারের ভিডিও ফুটেজ পরীক্ষা করেছি। ভিডিও ফুটেজে তাদের কারো কাছে কেউ টুপি দিয়েছে এমন দৃশ্য মেলেনি।’

এর আগে গত বুধবার হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মাথায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রতীক সংবলিত টুপি পরার বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবির নেতা হাদিসুর রহমান সাগর, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি