জুবিন গার্গের মৃত্যু ‘হত্যা’ বলে মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: ভারতের আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে তদন্ত এখনও সিঙ্গাপুর ও অসম দুই স্থানেই চলমান। এর মধ্যেই সোমবার (৪ নভেম্বর) আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এই মৃত্যুকে তিনি কোনোভাবেই দুর্ঘটনা মনে করেন না। এটি তার ভাষায় একটি হত্যাকাণ্ড। তিনি আরও জানান, ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) আগামী ডিসেম্বরের মধ্যেই চার্জশিট জমা দেবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায় মুখ্যমন্ত্রী শর্মা বলেন, জুবিন গার্গের মৃত্যুকে আমি আর কোনওভাবেই দুর্ঘটনা বলব না। আমাদের লক্ষ্য ডিসেম্বর ১৭-এর আগেই মামলার চার্জশিট জমা দেয়া। আমি নির্দেশ দিয়েছি আগামী ৮ ডিসেম্বরের মধ্যেই যেন জমা পড়ে। বিদেশে কিছু ঘটলে হোম মিনিস্ট্রির অনুমতি লাগে। গতকাল আমি অমিত শাহজীকেও বিষয়টি জানিয়েছি, যাতে দ্রুত অনুমোদন মেলে।
তিনি আরও বলেন, এই ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল শিগগিরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে লিখিত আবেদন পাঠাবে এবং অনুমোদন মিললেই চার্জশিট দাখিল করা হবে।
এ মামলায় পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন জুবিন গার্গের ম্যানেজার, সিঙ্গাপুর উৎসব আয়োজক, তার দুই ব্যান্ডসদস্য এবং তার সঙ্গে সিঙ্গাপুর যাওয়া এক চাচাতো ভাই। এছাড়া তার দুই নিরাপত্তারক্ষীকেও পৃথক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মাত্র ৫২ বছর বয়সে জনপ্রিয় গায়ক জুবিন গার্গ ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান। তিনি ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এর সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সেখানে গিয়েছিলেন। উৎসব শুরু হওয়ার একদিন আগে, ১৯ সেপ্টেম্বর, তিনি সিঙ্গাপুর অ্যাসোসিয়েশন অব অসমের কয়েকজন সদস্যের সঙ্গে ইয়ট ভ্রমণে যান। সাতার কাটার সময় তিনি অচেতন হয়ে পড়েন এবং পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
জুবিনের এই মৃত্যু নিয়ে সিঙ্গাপুর পুলিশও তদন্ত চালাচ্ছে। গত মাসে তারা জানায়, প্রাথমিক তদন্তে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ তারা পায়নি। তাদের তদন্ত শেষ হতে আরও দুই মাসের মতো সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। জুবিন গার্গের অকাল মৃত্যু এখনও তার অসংখ্য ভক্তকে শোকাহত করে রেখেছে, আর তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছে পুরো দেশ।
প্রসঙ্গত, হিন্দি, বাংলা থেকে অসমিয়া বহু ভাষায় গান গেয়েছেন সদ্য প্রয়াত এই শিল্পী। একাধিক জনপ্রিয় গান গেয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলী’ গানটি। এটি জুবিনকে ভারতজুড়ে পরিচিতি এনে দিয়েছে। এছাড়াও ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমার ‘চোখের জলে’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার ‘পিয়া রে’ গানগুলো এই শিল্পীর কথা মনে করিয়ে দেবে বারবার।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি