
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে লকডাউনের ১২তম দিনে হাট-বাজারে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সড়ক-মহাসড়কে বেড়েছে মানুষের উপস্থিতি। সকাল থেকেই বাজারে গাদা-গাদি করে কেনা-বেচা করছেন ক্রেতা-বিক্রেতারা, শহরে বেড়েছে মানুষের চলাচল।
স্বাস্থ্যবিধি মেনে চলাতো দূরের কথা মাস্ক পরতে দেখা যায়নি অনেকের। এমন পরিস্থিতিতেও নেই প্রশাসনের তেমন কোনো নজরদারি। যেখানে প্রতিনিয়তই সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে প্রশাসন ও পুলিশ বিভাগের তদারকি না বাড়ালে সংক্রমনের হার বৃদ্ধি ও মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছেন সচেতন মহল।
এদিকে ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯০ জন।সিভিল সার্জন: ডা: সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে ২৬৯ জনের নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৯০ জনের করোনা পজেটিভ এসেছে।
এরমধ্যে ঝিনাইদহ সদরে ২৬, শৈলকুপায় ২২, হরিণাকুণ্ডুতে ৬, কালীগঞ্জে ১১, কোটচাঁদপুরে ১৩ ও মহেশপুরে ১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ হাজার ৭৫০ জন এবং মোট মৃত্যু ১৪১ জন। সদর হাসপাতালে ১০০ টি বেডের বিপরীতে ১৪৭ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]