জেডি ভ্যান্সের ভ্রমণ তথ্য ফাঁস, বরখাস্ত সিক্রেট সার্ভিস এজেন্ট
ফাইল ছবি : রয়টার্স
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভ্রমণসংক্রান্ত তথ্য ফাঁস করার অভিযোগে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে বরখাস্ত করা হয়েছে। এজেন্সির অভ্যন্তরীণ বিষয়ক শাখা এই বিষয়ে একটি তদন্ত শুরু করেছে। তবে ওই এজেন্ট প্রশাসনিক শাস্তি না কি ফৌজদারি অপরাধের মুখোমুখি হবেন তা এখনও স্পষ্ট নয়।
সিএনএন জানিয়েছে, অভিযুক্ত সিক্রেট এজেন্ট কর্মী একটি গণমাধ্যমে জানিয়েছিলেন যে, ভ্যান্সের শেষ মুহূর্তের ব্যক্তিগত ভ্রমণের অনুরোধে এজেন্টরা বিরক্ত।
প্রতিবেদনে জানা গেছে, একটি নির্দিষ্ট ঘটনা এজেন্টদের বিশেষভাবে ক্ষুব্ধ করেছিল। ঘটনাটি ছিল ভ্যান্স এবং তার ছোট ছেলেকে গলফ খেলার জন্য ‘মেরিন টু’ হেলিকপ্টারে করে ওয়াশিংটনের বাইরে নিয়ে যাওয়ার অনুরোধের।
যদিও খারাপ আবহাওয়ার কারণে সেই ট্রিপটি শেষ পর্যন্ত হয়নি। তবে এই ধরনের প্রস্তাবের কথা শুনেই অনেক এজেন্ট হতবাক হয়ে গিয়েছিলেন। তাদের একজন বার্তা পাঠিয়েছেন, ‘এটা হাস্যকর। আগে মাইক (পেন্স) বা কমলা (হ্যারিস) কখনো এ ধরনের অনুরোধ করেননি।
’ আরেকজন লিখেছিলেন, ‘তারা সবকিছু বদলে ফেলেন। পূর্ব নির্ধারিত শিডিউল মানেন না। যাতে খরচ বেড়ে যায়।’
প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে যে, জেডি ভ্যান্স এবং সেকেন্ড লেডি ঊষা ভ্যান্স সম্প্রতি একটি বাড়ি খোঁজার জন্য ভার্জিনিয়ার মিডলবার্গে একাধিকবার হেলিকপ্টারে ভ্রমণ করেছেন।
মেরিন টু হলো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিশেষ হেলিকপ্টার।
প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের ভ্রমণের জন্য ‘মেরিন টু’ ব্যবহার করতে হোয়াইট হাউস মিলিটারি অফিসের অনুমোদনের প্রয়োজন হতো। ২০২২ সালের পেন্টাগন বাজেট অনুসারে, এই হেলিকপ্টারটি পরিচালনা করতে ঘণ্টায় ১৬ হাজার ডলার থেকে ২৪ হাজার ৬০০ ডলার খরচ হয়।
তবে, ‘দ্য ইন্ডিপেনডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের একজন মুখপাত্র অনিয়মের যেকোনো ইঙ্গিত প্রত্যাখ্যান করেছেন এবং তাঁর পরিবারকে রক্ষা করার দায়িত্বে থাকা এজেন্টদের প্রশংসা করে বলেছেন, ‘ভ্যান্স পরিবার ইউএস সিক্রেট সার্ভিসের সেই সমস্ত নারী ও পুরুষদের প্রতি কৃতজ্ঞ যারা দক্ষতার সঙ্গে আমাদের দেশের সেবা করছেন।’ সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
১ ভোটের ব্যবধানে জিতে ট্রাম্প সরকারের পরবর্তী অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ
সঙ্গীত একাডেমি