
বাংলাপ্রেস অনলাইন : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ইউনিট-১ (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়ে পরীক্ষা-কক্ষ থেকে বের হওয়ার অভিযোগে এক শিক্ষককে পরবর্তী ভর্তি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসঙ্গে উক্ত ঘটনার জন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। ওই শিক্ষকের নাম ড.ফেরদৌসী খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকাগী অধ্যাপক।
জানা গেছে, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ইউনিট-১ (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের বাংলা বিভাগের ৩৩৩ নাম্বার কক্ষে দায়িত্বরত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক ড. ফেরদৌসী খাতুন। তিনি পরীক্ষার শুরুর ২০ মিনিটের মধ্যে ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র তার ব্যাগে করে নিয়ে পরীক্ষার হলে দায়িত্বরত অন্যান্য শিক্ষকদের না জানিয়ে পরীক্ষার হল থেকে ভবনের তিন তলা থেকে দ্বিতীয় তলার দিকে আসতে থাকেন। এ সময় পরীক্ষা কক্ষে দায়িত্বরত অন্যান্য শিক্ষকরা বিষয়টি দেখতে পেয়ে তার গতিরোধ করে ব্যাগে প্রশ্ন ও উত্তরপত্র নেওয়ার কারণ জানতে চান। পরীক্ষা শেষে পরীক্ষা কক্ষে দায়িত্বরত অন্যান্য শিক্ষকরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রকৌশলী ওহিদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে পরীক্ষাচলাকালীন পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র নিয়ে কক্ষ থেকে বের হওয়ার লিখিত অভিয়োগ থেকে তাকে পরবর্তী ভর্তি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.ফেরদৌসী খাতুন কিছু বলতে রাজি না হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যোগাযোগ করতে বলেন।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]