জাপানে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ৪ রেলশ্রমিকের
ছবি : রয়টার্স
বাংলাপ্রেস ডেস্ক: জাপানে ট্রেনের ধাক্কায় চারজন রেলশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার টোকিওর উত্তরে কানুমা শহরের শিন-কানুমা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাতজন শ্রমিকের একটি দল রেললাইনের পাশে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় একটি এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়।
দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, চার শ্রমিকেরই মৃত্যু হয়েছে। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে ট্রেনের নিচে আটকা অবস্থায় এবং একজনকে প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখেন।
নিহত চারজনই পুরুষ। তাদের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তাদের কেউ আহত হননি।ট্রেনটি ছিল তোবু নিক্কো লাইনের ‘স্পাসিয়া এক্স এক্সপ্রেস’। এটি টোকিও অঞ্চল থেকে তোচিগি এলাকার জনপ্রিয় পর্যটন শহর নিক্কোর সঙ্গে যোগাযোগ করে।
এক যাত্রী জানান, হঠাৎ বিকট শব্দের পর ট্রেনটি জরুরি ব্রেক করে থেমে যায়। পরে যাত্রীদের জানানো হয়, শব্দের কারণ খুঁজে দেখতে ট্রেনটি থামানো হয়েছে। জাপানের রেলব্যবস্থা বিশ্বের অন্যতম নিরাপদ হিসেবে পরিচিত।
উন্নত প্রযুক্তি, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কর্মীদের প্রশিক্ষণের কারণে দেশটিতে রেল দুর্ঘটনায় প্রাণহানি খুবই বিরল।
তবে ২০০৫ সালের এপ্রিলে জাপানের আমাগাসাকি শহরে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১০৭ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হন। এ ছাড়া ১৯৬৩ সালে ট্রেন দুর্ঘটনায় ১৬১ জন নিহত হয়েছিলেন। ১৯৬৪ সালে জাপানে শিনকানসেন বুলেট ট্রেন চালু হওয়ার পর থেকে কোনো যাত্রী ট্রেন লাইনচ্যুত বা সংঘর্ষের ঘটনায় নিহত হননি। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি