হ্যালোউইনে ‘পূর্ণ শক্তিতে’ শিকাগোতে মাঠে নামছে আইসিই
মিনারা হেলেন: হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সচিব ক্রিস্টি নোম বৃহস্পতিবার বলেছেন, হ্যালোউইনের দিনে শিকাগোতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বাহিনী 'পূর্ণ শক্তিতে' অভিযান পরিচালনা করবে।
ফক্স নিউজের “আমেরিকা রিপোর্টস” অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে নোম ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর জে.বি. প্রিটজকারের (ডেমোক্র্যাট) অনুরোধ প্রত্যাখ্যান করেন। প্রিটজকার হ্যালোউইনের দিন আইসিই অভিযান সাময়িক স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন, যাতে শিশুরা নির্ভয়ে ট্রিক-অর-ট্রিটে অংশ নিতে পারে এবং সশস্ত্র ফেডারেল এজেন্টদের মুখোমুখি হওয়ার ভয় না থাকে।
সচিব নোম বলেন, না, আমরা রাস্তায় পূর্ণ শক্তিতে থাকব এবং আমাদের কার্যক্রম আরও জোরদার করব, যাতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি যোগ করেন, প্রতিদিন শিকাগোতে আমরা হত্যাকারী, শিশুপর্ণগ্রাফি ও যৌন নিপীড়নের অপরাধী এবং শিশুপীড়কদের গ্রেপ্তার করছি।
নোম আরও বলেন, আমরা সেখানে থাকব যাতে শিশুরা নিরাপদে উৎসব উপভোগ করতে পারে, পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির সঙ্গে সময় কাটাতে পারে এবং অবৈধ অভিবাসীদের অপরাধের শিকার না হয়।
প্রিটজকার দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসন ও শিকাগোতে তাদের আইসিই অভিযানের কড়া সমালোচক হিসেবে পরিচিত। শহরটিতে আইসিই বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ, টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ব্যবহারের অভিযোগ উঠেছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রিটজকার সীমান্ত টহলবাহিনীর কমান্ডার গ্রেগ বোভিনোকে যিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন ও অপরাধ দমন অভিযানের তত্ত্বাবধানে আছেন আইসিই অভিযান সাময়িক স্থগিত করার আহ্বান জানান। একই অনুরোধ জানিয়ে তিনি সচিব নোমকেও একটি চিঠি পাঠান।
প্রিটজকার বলেন, মি. বোভিনো, আপনার অভিযান আমাদের কমিউনিটিতে ভয়, বিভাজন ও বিশৃঙ্খলা তৈরি করেছে। যদি আপনি অভিযান বন্ধ করে আমাদের শহর ছাড়তে রাজি না হন, তাহলে অন্তত এটুকু কি মেনে নিতে পারি না যে হ্যালোউইনের দিনে আমাদের শিশুরা যেন ভয়ের শিকার না হয়? এমন কোনো তাৎক্ষণিক হুমকি নেই যা তাদের উৎসব নষ্ট করতে হবে।
তিনি আরও বলেন, “আমেরিকার কোনো শিশুকে যেন ট্রিক-অর-ট্রিটে বেরিয়ে সশস্ত্র ফেডারেল এজেন্টের মুখোমুখি হতে না হয়, বা টিয়ার গ্যাসে শ্বাস নিতে না হয় এমন আমেরিকা আমি কখনো কল্পনা করিনি। আমি অনুরোধ করছি, আমাদের শিশুদের স্বার্থে কিছুটা হলেও সুস্থতা ও মানবিকতা ফিরিয়ে আনুন।
এদিকে, এই সপ্তাহের শুরুতে এক ফেডারেল বিচারক গ্রেগ বোভিনোকে নির্দেশ দিয়েছেন, নভেম্বর ৫ তারিখ পর্যন্ত প্রতি কর্মদিবসে আদালতে হাজির হয়ে শিকাগো ও আশপাশে আইসিই অভিযানের দৈনিক প্রতিবেদন দিতে হবে।
ডিএইচএস পাঠানো এক বিবৃতিতে প্রিটজকারকে অভিযুক্ত করেছে যে, তিনি “নিজ হাতে তৈরি করা অপরাধের পরিবেশ পরিষ্কার করার চেষ্টা করা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেই অপমান করছেন।
ডিএইচএস মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন বলেন, তিনি মিথ্যা প্রচার করছেন যে ডিএইচএস স্কুল, হাসপাতাল ও গির্জাগুলোকে লক্ষ্যবস্তু করছে। তিনি জানেন এটি মিথ্যা, তবু তিনি মিথ্যা ছড়াচ্ছেন। আমাদের অফিসাররা ক্রমাগত আক্রমণের মুখে পড়ছেন, গাড়ি দিয়ে হামলা করা হচ্ছে, সহিংসতা চলছে— তবু তারা বারবার সতর্ক করার পরেই জননিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করেন।
তিনি আরও যোগ করেন, যারা বৈধভাবে এখানে আছেন এবং অন্য কোনো আইন ভঙ্গ করছেন না, তাদের ভয়ের কিছুই নেই।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি