৯ আগস্ট ২০২৬

হুমকিতে আছেন এরিক ও বিদিশা এরশাদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হুমকিতে আছেন এরিক ও বিদিশা এরশাদ

বাংলাপ্রেস ডেস্ক : সন্তান এরিককে নিয়ে হুমকিতে আছেন বলে দাবি করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। একই সাথে তিনি এরিক এরশাদকে সাথে নিয়ে নিরাপদে থাকতে চান বলেও জানান।

শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এবং এরিক এরশাদ অভিযোগ করে বলেছেন, জিএম কাদের (এরশাদের ভাই) তাদেরকে হুমকি-ধামকি দিচ্ছেন এবং তিনি এরিকের সম্পত্তি হাতিয়ে নিতে চেষ্টা করছেন। এমতাবস্থায়আইনী পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন বিদিশা এরশাদ। সংবাদ সম্মেলনের শুরুতে কথা বলেন এরিক এরশাদ।

এরিক বলেন, এর পেছনে আমার চাচা (জিএম কাদের) এর হাত আছে। ওনার তো আমার সম্পত্তির ওপর লোভ আছে, এই জন্য এসব করছেন। তিনি অভিযোগ করেছেন, আমার মা জোরপূর্বক আর্মস নিয়ে আমার বাসায় এসেছেন, কিন্তু এসব মিথ্যা। আমার মাকে আমি ডেকে এনেছি। তিনি তো নিজের ইচ্ছায় এখানে আসেননি। আমি মায়ের সঙ্গে থাকতে চাই।

এরিকের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বিদিশা। বিদিশা বলেন, আমি মা হিসেবে আমার সন্তানকে চাই। সে অসুস্থ। বাবা মারা যাওয়ার পরে অন্যরা বিশেষ করে তার চাচা আমার এরিককে যোগাযোগ করতে দেয়নি। আমার সব কিছুর রেকর্ড আছে।

বিদিশা আরও বলেন, তারা এরিককে চায়। এরিক মানে হলো এরিকের ট্রাস্ট। এরিকের সম্পত্তি হাতিয়ে নিতে চায় তারা। অথচ তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। যা আমি গণমাধ্যমের সামনে বলতে পারছি না। আমার সন্তান লড়াই করছে তার মায়ের সাথে থাকার জন্য। সে চায় মাকে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে।

তিনি আরও বলেন, আমাদের আসল বাধা এরিকের চাচা (জিএম কাদের)। তিনি আমাদেরকে নানাভাবে হুমকি দিচ্ছেন। “আপনারা নোংরামি করবেন না। আপনারা কাদা ছুড়াছুড়ি করলে আমিও বসে থাকবো না। আপনারা যেভাবে ভদ্রভাবে আছেন, সেভাবে থাকেন”-বলেন বিদিশা।

তিনি আরও বলেন, তারা আমাকে রাজনীতিতে হুমকি মনে করছে। কারণ আগে আমি সফলভাবে রাজনীতি করেছি। সামনেও করতে পারি। তাই তারা আমাকে থ্রেট হিসেবে ভাবতেই পারেন। তবে সবকিছুর আগে আমার সন্তান। আমি আমার সন্তানের সঙ্গে নিরাপদে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই। ইতোমধ্যে আমার সন্তান প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন নিরাপত্তার জন্য। আমি আমার সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিদিশা বলেন, আমি আইনজীবীদের সাথে আলাপ করছি। আমি কী পদক্ষেপ নেব, আপনাদেরকে তা জানাবো।

তিনি বলেন, তারা আমাকে বলেছে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। হয়তো তারা আমাকে এবং আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারে। তিনি হয়তো লোকজন পাঠিয়ে কিছু করতে পারেন। কিন্তু তারা আমার সন্তানকে কেন ক্ষতি করতে চায়? আমার সাথে মোকাবেলা করুক। এরিকের সাথে নয়।

বিদিশা বলেন, আমি চাই আমার সন্তানকে সুন্দর, স্বাভাবিকভাবে থাকতে, বাকি জীবনটা কাটাতে। কেউ যেন আমাদেরকে বিরক্ত না করে।

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এইচ এম এরশাদের ছেলে এরিক এরশাদ তার মা বিদিশাকে নিয়েই বারিধারায় প্রেসিডেন্ট পার্কের বাসায় থাকতে চান। এই ইচ্ছার কথা জানিয়ে এরিক কয়েকদিন আগে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে এরিক বলেন, মা কাছে না থাকায় তার যথাযথ সেবা হচ্ছে না। তিনি প্রতিবন্ধী, তাই সঙ্গে মাকে রাখা প্রয়োজন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ গত ১৪ জুলাই মারা যান। এরশাদের তালাক দেওয়া দ্বিতীয় স্ত্রী বিদিশা ছেলে এরিকের সঙ্গে কর্মচারীদের দুর্ব্যবহারের খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট পার্কে গেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি