হুমায়ূন আহমেদের জন্মদিনে শাওনের গান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আধুনিক বাংলা সাহিত্যের সফলতম কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ক্রেয়নম্যাগ এবং ফ্লিকার এন্টারটেইনমেন্টের যৌথ উদ্যোগে পরিবেশিত হলো ‘যদি মন কাঁদে’ গানটির দ্বিতীয় অধ্যায়।
লন্ডন প্রবাসী অধ্যাপক মোহাম্মদ ফজলের কথা ও এস আই টুটুলের সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন মেহের আফরোজ শাওন। গানটি প্রকাশিত হয় লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।
প্রথম গানটির আলাদা কোনো মিউজিক ভিডিও না থাকলেও দ্বিতীয় অধ্যায়ের গানটির একটি মিউজিক ভিডিও থাকছে। সম্প্রতি নুহাশপল্লীতে যার দৃশ্যায়ন পরিচালনা ও সিনেমাটোগ্রাফি করেছেন খায়ের খন্দকার।
এই নতুন গানটির নির্মাণ প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, “গানটির বিষয়ে যখন আমাকে প্রথম বলা হয় আমি খুব একটা গুরুত্ব দেই নি। ‘যদি মন কাঁদে’ আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে। এর যে দ্বিতীয় অধ্যায় হতে পারে আমি নিজেও এ বিষয়ে নিশ্চিত ছিলাম না। নতুন গানের কথাগুলো বার বার শুনে এই গানটি করার সিদ্ধান্ত নেই। আশাকরি প্রথম গানটির মতো এই গানটিও সবার ভালোবাসা অর্জন করবে।”
ক্রেয়নম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন, “যদি মন কাঁদে - আমার খুব প্রিয় একটি গান। আমার প্লে-লিস্টে গানটি সবসময় উপরের দিকেই থাকে। শাওন আমার ছোট বেলার বান্ধবি। তার এই গানের দ্বিতীয় অধ্যায় প্রকাশের দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও আপ্লুত।”
‘যদি মন কাঁদে’ হুমায়ূন আহমেদের সৃষ্টির এক অনন্য নজির। গানটি মেহের আফরোজ শাওনের প্রকাশিত অ্যালবাম ‘যে থাকে আঁখিপল্লবে’ তে প্রকাশিত হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি