গর্ভ ভাড়া নিয়ে যমজ সন্তানের মা হলেন প্রীতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সারোগেসির মাধ্যমে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা যমজ সন্তানের মা হয়েছেন। সারোগেসি বা অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে এক ছেলে ও এক মেয়ের মা হলেন তিনি। সন্তানদের নাম রেখেছেন জয় আর জিয়া।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে এসব তথ্য জানান প্রীতি।
স্ট্যাটাসে উচ্ছ্বাস প্রকাশ করে প্রীতি লেখেন, ‘সবাইকে চমকপ্রদ একটি খবর জানাতে চাই। আজ আমি এবং জিন ভীষণ আনন্দিত। আমরা আজ পরিপূর্ণ। আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে। কারণ আমাদের যমজ সন্তান জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ পরিবারে এসেছে। জীবনের নতুন এই অধ্যায় নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। অবিশ্বাস্য এই যাত্রার সঙ্গে যেসব ডাক্তার, নার্স যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দেয়া বলিউডে নতুন কিছু নয়। শাহরুখের ছোট ছেলে আব্রামের জন্ম সারোগেসির মাধ্যমে। শিল্পা শেঠির মেয়ে সমিশার জন্মও সারোগেসিতে। এ ছাড়া করণ জোহর ও তুষার কাপুর বাবা হয়েছেন সারোগেসির মাধ্যমে। সানি লিওনও যমজ সন্তানের মা হন এ পদ্ধতিতে।
সারোগেসি কী
সাবলাইম লিগ্যাল বিডি নামের ওয়েবসাইটে বলা হয়, সারোগেসি শব্দের একেবারে সোজাসাপ্টা অর্থ হলো গর্ভাশয় ভাড়া। একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের পদ্ধতিকে সারোগেসি বলা হয়। আইভিএফ পদ্ধতিতে স্ত্রী ও পুরুষের ডিম্বাণু ও শুক্রাণু দেহের বাইরে নিষিক্ত করে তা নারীর গর্ভাশয়ে প্রতিস্থাপন করা হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নাগরিক জিন গুডএনাফের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতি জিনতা। ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি