‘গানের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে এন্ড্রু কিশোর’
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কিংবদন্তি সঙ্গীতশিল্পী ও প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের চলে যাওয়ার এক বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার (৬ জুলাই)। দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ২০২০ সালের আজকের দিনে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এন্ড্রু কিশোর। কিংবদন্তি এই গায়ককে স্মরণ করে হানিফ সংকেত আবেঘন একটি পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
পোস্টে হানিফ সংকেত খেলেন, ‘দেখতে দেখতে একটি বছর হয়ে গেলো কিশোর নেই। বিশ্বাস করতে মন চায় না। অথচ এটাই সত্যি। এন্ড্রু কিশোর-বাংলা গানের ঐশ্বর্য। যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতি ছিলো বেশি। যার কাছে গানই ছিলো জীবন-মরণ, গানই ছিলো প্রাণ। এই গানের জন্যই কিশোর পেয়েছে প্লেব্যাক সম্রাটের উপাধি। গানের জন্যই মানুষ তাকে ভালোবাসতো। অবশেষে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে গত বছরের এই দিনে সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেয় সবার প্রিয় এন্ড্রু কিশোর।’
স্মৃতিচারণ করে হানিফ সংকেত লেখেন, ‘কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারতো, তেমনি মানুষের সঙ্গেও প্রাণ খুলে মিশতে পারতো। সবসময় নিজের সুবিধার চাইতে অন্যের সুবিধার দিকেই দৃষ্টি ছিলো তার বেশি। কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় ৪০ বছরের। এক সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, এক সঙ্গে থেকেছি। কিশোর ছিলো ইত্যাদি’র প্রায় নিয়মিত সঙ্গীতশিল্পী। কিশোর নেই, মনে হলেই ভেতরটা হাহাকার করে ওঠে। এন্ড্রু কিশোর ছিলো একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ। যার তুলনা সে নিজেই।’
‘কিশোর তার গানের মাধ্যমেই বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু যেখানে থাকো ভালো থেকো। শান্তিতে থেকো’- এ কামনাই করেন ইত্যাদির জনপ্রিয় উপস্থাপক।
জানা গেছে, এন্ড্রু কিশোরের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে তার জন্মস্থান রাজশাহীতে মঙ্গলবার দিনব্যাপী অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করবেন তার স্ত্রী মিসেস ডা. লিপিকা এন্ড্রু। এছাড়া আজ বিকেলে স্বাস্থ্যবিধি মেনে খুবই সংক্ষিপ্ত পরিসরে দেশের আধুনিক ও প্লেব্যাক সম্রাটের প্রয়াণ দিবসে তাকে স্মরণ করে সভা করবে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি