ফের কন্যাসন্তানের মা হলেন দীপিকা
দীপিকা পাড়ুকোন।
বাংলাপ্রেস ডেস্ক: দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শনিবার তাদের ঘরে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই সুখবরটি জানিয়েছেন এই তারকা দম্পতি।
দীপিকা ও রণবীর যৌথভাবে ইনস্টাগ্রামে একটি পোস্ট প্রকাশ করেন। সেখানে নবজাতকের পায়ের ছাপের একটি ছবি দেখা যায়। ছবিটির সঙ্গে লেখা ছিল, ‘ওয়েলকাম বেবি গার্ল! ১৯/৯/২০২৬। দোয়া, দীপিকা অ্যান্ড রণবীর।’
নতুন অতিথির আগমনে দুই বছরের মেয়ে দোয়া এবার পেল ছোট বোন। দ্বিতীয় সন্তান আসার খবর প্রকাশের পর থেকেই দীপিকা-রণবীরের পরিবারে নতুন সদস্যকে ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ ছিল।
চলতি বছরের ১৯ এপ্রিল দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন এই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে দেখা গিয়েছিল, তাদের মেয়ে দোয়ার হাতে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্টের কিট। তখনই জানানো হয়েছিল, সেপ্টেম্বরেই তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীর আলো দেখবে।
সন্তান জন্মের ঠিক এক দিন আগে, ১৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে একসঙ্গে দেখা যায় দীপিকা ও রণবীরকে। প্রথম সন্তান দোয়ার জন্মের আগেও একই মন্দিরে গিয়েছিলেন তারা। ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর মন্দিরে যাওয়ার দুই দিন পর, ৮ সেপ্টেম্বর জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান দোয়ার।
এবারও সেই ঘটনার সঙ্গে কিছুটা মিল দেখা গেল। তবে এবার কোনো জল্পনা বা গুঞ্জনের ওপর নির্ভর করতে হয়নি। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খবর সরাসরি নিশ্চিত করেছেন দীপিকা ও রণবীর।
২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দোয়ার জন্ম হয়। এবার তাদের পরিবারে যুক্ত হলো আরও এক কন্যাসন্তান।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি