
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরে ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ কথিত নারী সাংবাদিক এবং তার স্বামীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
শনিবার (১ মে) সকালে উপজেলার বলাহার বাজার নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী (৪০) ও তার স্ত্রী কথিত সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন জানান, মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বলাহার বাজারে অবস্থান নেয়। এসময় হিলি থেকে মোটরসাইকেলে বগুড়া যাওয়ার পথে বলাহার বাজারে গাড়িটিকে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেয়। তারা গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে। এসময় তাদের কাছ থেকে ব্যাগে মোড়ানো ১৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]