এতিম শিশুদের সাথে সময় কাটালেন চিত্রনায়িকা ববি
বিনোদন প্রতিবেদক, ঢাকা : অবহেলিত মানুষদের পাশে বরাবরই দাঁড়ান চিত্রনায়িকা ববি হক। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার মিরপুরের একটি এতিমখানায় দুস্থ ও এতিম শিশুদের সাথে সময় কাটালেন ববি। শিশুদের মুখে তুলে খাইয়ে দেয়ার মধ্যে যে তৃপ্তি, তা লাখ টাকা দিয়েও কেনা যাবে না, জানালেন ববি হক।
নিজের সমাজসেবার বিষয়ে কখনোই সরব হতে চান না তিনি। এ ব্যাপারে ববি বলেন, ‘আমার বাবা গত ৫ এপ্রিল আমাদের ছেড়ে পরলোকগমন করেছেন। বাবাকে সারাজীবন দেখেছি মাসের শুরুতে তার উপার্জনের পুরোটা নিয়ে কখনো ঘরে আসতেন না। দারোয়ান, ড্রাইভার, দুস্থ, অসহায়-কাউকে না কাউকে কিছু দান করতেন। তিনি সবসময় অনাথ শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। তাদের খাইয়ে তৃপ্তিবোধ করতেন। বাবা বিশেষ দিনগুলোতে অনাথ শিশুদের সঙ্গে নিয়ে কাটাতে বলতেন। বাসায় তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। আমাদের উপদেশ দিতেন আমরা যেন এসব শিশুদের জন্য কিছু করি। বাবার সেই কথা আমি সবসময়ই মেনে চলার চেষ্টা করি। রমজান মাস শুরু হবার পর আমি প্রতি শুক্রবারই এই শিশুদের সঙ্গে সময় কাটাই। আমার পক্ষে যতটুকু সামর্থ্য, তা দিয়েই ওদের মুখে হাসি ফোটাতে চেষ্টা করি।’ জানা গেছে, ববি স্কুলে পড়ার সময় বাসার পরিচারিকার বিয়ের খরচও যুগিয়েছিলেন। তখন এসব কাউকে জানতে দেননি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি