এবার ব্যারিস্টার মইনুলকে চরিত্রহীন বললেন তোফায়েল

বাংলাপ্রেস অনলাইন: এবার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ‘রাজনৈতিকভাবে চরিত্রহীন’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘যে লোক ’৭১ এর খুনি, লুণ্ঠনকারী, ধর্ষকদের প্রশংসা করতে পারে, ’৭৫ এর খুনিদের সঙ্গে রাজনৈতিক আঁতাত করতে পারে, সে অবশ্যই রাজনৈতিকভাবে চরিত্রহীন।’ আজ সোমবার সচিবালয়ে তাঁর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর ব্যারিস্টার মইনুল বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের সঙ্গে রাজনৈতিক জোট করেছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধুর খুনিদের রাজনৈতিক দল ফ্রিডম পার্টির সঙ্গে রাজনীতি করেন। ব্যারিস্টার মইনুল ২০০৫ সালে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল জামায়াতের দুর্ধর্ষ ছাত্র সংগঠন ছাত্র শিবিরের অনুষ্ঠানে গিয়ে সেই দলের ও কর্মীদের প্রশংসা করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘জামায়াতের অনুষ্ঠানে গিয়ে শিবিরের প্রশংসা করার বিষয়ে ব্যারিস্টার মইনুলকে প্রশ্ন করাতেই তিনি সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলেছেন। মইনুল একজন ব্যারিস্টার ও শিক্ষিত মানুষ হয়ে সম্মানিত নারী সংবাদকর্মীকে যে ভাষায় আক্রমণ করেছেন, তা নিন্দনীয়।’
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে ‘চরিত্রহীন’ মন্তব্য করেন ‘জাতীয় ঐক্যফ্রন্ট’র নেতা ব্যারিস্টার মইনুল হোসেন। এর পরেই তাঁর এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গতকাল রবিবার ঢাকার মহানগর হাকিম (সিএমএম) আদালতে একটি মানহানির মামলাও করেন মাসুদা ভাট্টি।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি