দুই মাস পর পুনরায় চালু হলো এনআইডি সংশোধন কার্যক্রম
বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এ সেবা আবারও সচল করা হয়েছে বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ ও অন্যান্য সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন হওয়ায় স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হয়েছে।
এনআইডি মহাপরিচালক বলেন, আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। এখন স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার অংশ হিসেবে আজ থেকে এনআইডি সংশোধন কার্যক্রম চালু করা হল।
কেন দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের কাজ চলছিল। পাশাপাশি পোস্টাল ভোটের নিবন্ধন এবং নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত করার প্রক্রিয়াও এ সময় চলমান ছিল। এসব কারণে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনআইডি সংক্রান্ত ভুল তথ্য প্রদান বা অনিয়ম ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশনার মাধ্যমে এবার তা আবারও সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হলো।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সঙ্গীত একাডেমি