দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের অন্যতম আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা ঘটতে যাচ্ছে আগামী ২৮ আগস্ট। ওই দিন আকাশে দেখা যাবে একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ। পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এভাবেই সৃষ্টি হয় চন্দ্রগ্রহণ।
আগামী ২৭ আগস্ট রাত থেকে ২৮ আগস্ট ভোরের মধ্যে এই চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এ সময় পৃথিবীর গভীর ছায়া বা আমব্রার মধ্যে চাঁদের বড় একটি অংশ প্রবেশ করবে। ফলে চাঁদের পৃষ্ঠের প্রায় ৯৬ শতাংশ ঢেকে যেতে পারে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ২৮ আগস্ট ভোর ৪টা ১২ মিনিটে গ্রহণের সর্বোচ্চ পর্যায় হবে। বাংলাদেশ সময় অনুযায়ী তখন সকাল ১০টা ১২ মিনিট। তবে বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না।
উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে গ্রহণটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চলের মানুষও গ্রহণের আংশিক দৃশ্য দেখতে পারবেন। এসব এলাকায় স্থানীয় সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় গ্রহণটি দৃশ্যমান হতে পারে।
এটি পূর্ণ চন্দ্রগ্রহণ নয়। তাই পুরো চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে না; চাঁদের একটি ছোট অংশ গভীর ছায়ার বাইরে থাকবে। তবে গ্রহণের সময় পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো চাঁদে পৌঁছানোর কারণে ছায়াচ্ছন্ন অংশে লালচে বা তামাটে আভা দেখা দিতে পারে। এ ধরনের দৃশ্যকে সাধারণভাবে ‘ব্লাড মুন’ বলা হয়।
চন্দ্রগ্রহণটি মোট পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে। তবে গভীর আংশিক পর্যায় স্থায়ী হবে তুলনামূলকভাবে কম সময়। সর্বোচ্চ পর্যায়ে চাঁদের ব্যাসের প্রায় ৯৩ শতাংশ অংশ পৃথিবীর মূল ছায়ার মধ্যে থাকবে বলে জ্যোতির্বিজ্ঞান-সংক্রান্ত তথ্যগুলোতে জানানো হয়েছে।
এর আগে ১২ আগস্ট গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের বিভিন্ন অঞ্চল থেকে একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। তার দুই সপ্তাহের কিছু বেশি সময় পরই এই চন্দ্রগ্রহণ ঘটছে।
সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একই সরলরেখায় অবস্থান করলেই এ ধরনের গ্রহণের পরিস্থিতি তৈরি হয়। এ কারণেই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অনেক সময় কাছাকাছি সময়ে জোড়ায় জোড়ায় সংঘটিত হতে দেখা যায়।
চন্দ্রগ্রহণ দেখার ক্ষেত্রে সূর্যগ্রহণের মতো চোখের জন্য বিশেষ সুরক্ষা নেওয়ার প্রয়োজন নেই। খালি চোখেই এটি নিরাপদে দেখা যায়। চাইলে সাধারণ বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করে চাঁদের গ্রহণকবলিত অংশ আরও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। সূত্র: আনাদোলু এজেন্সি
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি