ড্রয়ের পর ব্রাজিল একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত
বাংলাপ্রেস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-১ গোলে সমতায় শেষ হওয়া ম্যাচে ব্রাজিলের সার্বিক পারফরম্যান্সে সমর্থকরা কিছুটা হতাশ হলেও দল নিয়ে ইতিবাচক অবস্থান ধরে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল কোচের মতে, ম্যাচে শিষ্যদের মনোভাব ও মাঠে নিবেদনের কোনো ঘাটতি ছিল না।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেকে পরাজিত মানতে নারাজ এই অভিজ্ঞ কোচ। সমর্থকদের কাছে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে তিনি নিশ্চিত করেছেন, আগামী মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে ব্রাজিল একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসবে।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘এটাকে পরাজয় বলে মনে হচ্ছে না, কারণ শেষ পর্যন্ত আমরা ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছি। দল জিততেও পারত, আমাদের সামনে বেশ কিছু সুযোগ ছিল।
এমন মাঠে খেলা কঠিন হলেও একটা গোল খাওয়ার পর ছেলেরা দারুণভাবে ম্যাচে ফিরেছে। ড্রটা আমাদের প্রাপ্যই ছিল।’
সংবাদ সম্মেলনে সমর্থকদের ধৈর্য ধরার আকুতি জানিয়ে আনচেলত্তি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হওয়া প্রক্রিয়ারই অংশ এটি। বিশেষ করে এনদ্রিক ও এস্তেভাওয়ের মতো উদীয়মান প্রতিভাদের বেশি সময় দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
আনচেলত্তির বলেন, ‘সমর্থকদের ধৈর্য ধরতেই হবে। যখন কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আসবে, তখন দল শতভাগ প্রস্তুত থাকবে। অ্যাটাকিং থার্ডে ফিনিশিংয়ের কিছু অভাব থাকলেও শেষ বাঁশি পর্যন্ত ছেলেরা লড়াই করেছে।’
ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ম্যাচে আবারও সকারুজদের মুখোমুখি হবে সেলেসাওরা। সেই ম্যাচে পরিবর্তন প্রসঙ্গে ব্রাজিল কোচ জানান, একাদশের পাশাপাশি ছক বা ফরমেশনেও পরিবর্তন আসতে পারে।
কখনো দুজন আবার কখনো তিনজন মিডফিল্ডার নিয়ে কৌশল সাজানোর ইঙ্গিত দেন তিনি, যা ভবিষ্যতের জন্য দলকে গুছিয়ে নিতে সাহায্য করবে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি