ডোমারে যুবলীগ সভাপতির ৫০ হাজার টাকা জরিমানা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরন কাজে ভাল চাল পরিবর্তন করে নিম্ন মানের চাল বিতরণের জন্য ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৬ ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরনীগঞ্জ বাজারে ডিলারকে জরিমানা প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার উম্মে ফাতিমা। জানা গেছে, উক্ত কর্মসূচীর আওতায় চাল বিতনের জন্য নিয়োগ পান হরিণচড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ডিলার সামিউল ইসলাম বাবু।
গত বুধবার ডোমার খাদ্য নিয়ন্ত্রকের গোডাউন হতে ১৫.৯০ মেট্রিক টন (৩০ কেজির ৫০৩ কার্ড) চাল উত্তোলন করে ডিলার সামিউল। ডোমার উপজেলা নিবার্হী অফিসার গোপন সূত্রে খবর পান গোডাউনে সরকার প্রদত্ত ভালো চাল পরিবর্তন করে বিতরনের জন্য নিম্নমানের চাল রাখেন ওই ডিলার।
তিনি গত রবিবার সন্ধ্যায় গোডাউন পরিদর্শনে অভিযোগের সত্যতা পেয়ে সিলগালা করেন গোডাউনটি। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত, অনাদায়ে ৭ দিনের জেল। মামলা নং ৩৯/১৯। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) তৌহিদুল ইসলাম, ওসিএলএসডি জিয়াউর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা ও ট্যাগ অফিসার শামসুল হক, হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ডিলার সামিউল ইসলাম জানান, চাল ব্যবসায়ী মর্তেজ আলী আমার কাছ থেকে ১৭ বস্তা ভাল চাল পরিবর্তন করে নিম্ন মানের চাল দেয়। আমি আর্থিক সুবিধার জন্য ১৫ শত টাকা গ্রহন করি।
উল্লেখ্য, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শষ্য বিতরন কর্মসূচীর আওতায় চাল বিতরন করছেন ৩৬ জন ডিলার। প্রতি কেজির মুল্য ১০ টাকা মাসে কার্ড প্রতি ৩০ কেজি প্রদান করা হচ্ছে। ডিলার সামিউল ইসলাম হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামের ৬নং ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং হরিণচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি