ধুনটে সভাপতি অপসারণের দাবীতে মানববন্ধন

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম মর্তুজার অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ে প্রধান ফটকে প্রায় ৩০ মিনিট ধরে অভিভাবকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
গোলাম মর্তুজা উপজেলার মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। তার বিরুদ্ধে তথ্য জালিয়াতির মাধ্যমে এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হওয়ার অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের সভাপতির অপসারণের দাবীতে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আল-হেলালের নেতৃত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে আব্দুল হামিদ, তোজাম্মেল হক, আব্দুল মজিদ, রেজাউল ইসলাম, মজনু মিয়া, ইঞ্জিল হোসেনসহ প্রায় অর্ধশত অভিভাবক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আল-হেলাল বলেন, ২০১৯ সালের ৩১ জানুয়ারী নির্বাচনে আমিসহ গোলাম মর্তুজা, আব্দুর রাজ্জাক ও শুকলা রানী অভিভাবক সদস্য পদে নির্বাচিত হই। এরমধ্যে গোলাম মতুর্জার ছেলে এমএম শুভ বগুড়া ইনডিপেনডেন্ট মডেল স্কুল এ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র। কিন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজসে শুভকে অত্র বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র দেখিয়ে ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনের পর এই জালিয়াতির বিষয়টি প্রকাশ হয়। তারপরও প্রধান শিক্ষক ৪ ফেব্রুয়ারী অভিভাবক সদস্যদের সভা দেখিয়ে অবৈধভাবে গোলাম মর্তুজাকে সভাপতি নির্বাচিত করেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম মতুর্জা বলেন, আমার ছেলে এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্র। সব নিয়ম মেনেই আমি বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত হয়েছি। তবে সভাপতি পদে নির্বাচনে পরাজিত হয়ে অভিভাবক সদস্য আল-হেলাল আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলী বলেন, নিয়ম মেনেই ম্যানেজিংকমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত করার উদ্যেশে কতিপয় ব্যক্তি ষড়যন্ত্র করছে। এছাড়া আমার বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও তথ্য জালিয়াতির অভিযোগ সঠিক না।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি